কলম্বিয়ার সোনালি প্রজন্মের ‘অতিকায়’ মিডফিল্ডার রিংকন আর নেই

ফ্রেডি রিংকন (১৯৬৬–২০২২)ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস ভালদেরেমা, ফাউস্তিনো অ্যাসপ্রিয়া, আন্দ্রেস এসকোবার, ফ্রেডি রিংকন...নামগুলো কি পরিচিত লাগছে? ভালদেরেমা ও এসকোবারকে হয়তো মনে রেখেছেন অনেকে।

ঝাঁকড়া সোনালি চুল আর মাঝমাঠে খেলা বানানোর অমিত প্রতিভার জন্য ভালদেরেমায় এখনো অনেকে ‘নস্টালজিক’ হন। এসকোবারকে মনে রাখার কারণটা মর্মান্তিক। ১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য প্রাণটাই দিতে হয় নব্বই দশকে কলম্বিয়ার ‘সোনালি প্রজন্ম’ তকমা পাওয়া সেই দলের সারথিকে। আর ফ্রেডি রিংকন?

রিংকন ছিলেন সেই দলের তারকা মিডফিল্ডার। তাঁর ‘বিদায়’ও স্বাভাবিক হলো না।

কলম্বিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর কালিতে গত সোমবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন রিংকন। বাসের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড আঘাত পান মাথায়। তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

কিন্তু বাংলাদেশ সময় আজ সকালে সবাইকে ফাঁকি দিয়ে না–ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কলম্বিয়ার হয়ে ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপ খেলা রিংকন। ৫৫ বছর বয়সে মারা গেছেন কলম্বিয়ান ফুটবলের সেই সোনালি প্রজন্মের প্রতিনিধি।

দূর্ঘটনায় রিংকনের ক্ষতিগ্রস্ত গাড়ি
ছবি: এএফপি

কালি শহরের ইমবানাকো ক্লিনিকের চিকিৎসক লাউরেনো কুইনতেরো রিংকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, ‘আমাদের সব রকম চেষ্টার পরও ফ্রেডি ইউসেবিও রিংকন মারা গেছেন।’

কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের শোকবার্তায় বলা হয়, ‘আমরা তাকে মিস করব। অনেক ভালোবাসা ও সম্মানের সঙ্গে তাকে মনে রাখা হবে। তার পরিবারের প্রতি সহমর্মিতা। আশা করি, তারা এ আঘাত কাটিয়ে উঠতে পারবে।’

১৯৮৬ সালে কলম্বিয়ার ক্লাব সান্তা ফে-র হয়ে ক্যারিয়ার শুরু করেন রিংকন। দাপুটে এ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদেও খেলেছেন দুই বছর। পালমেইরাস থেকে ধারে খেলেছেন নাপোলিতেও। ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত কলম্বিয়ার জার্সিতে ৮৪ ম্যাচে করেছেন ১৭ গোল।

২০০০ সালে করিন্থিয়ান্সের জার্সিতে জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ। ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার ৫-০ গোলের বিখ্যাত সেই জয়েও লক্ষ্যভেদ করেছিলেন রিংকন। তবে রিংকনের সবচেয়ে বিখ্যাত গোলটি সম্ভবত ১৯৯০ বিশ্বকাপে মিলানে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে।

২০০০ সালে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রিংকন ও সিমিওনের বল দখলের লড়াই
ফাইল ছবি: এএফপি

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় এড়াতে সে ম্যাচে অন্তত ড্রয়ের বিকল্প ছিল না কলম্বিয়ার সামনে। খেলা চলছিল যোগ করা সময়ে। বক্সের সামনে থেকে ভালদেরেমার বুদ্ধিদীপ্ত একটি পাস ধরে পশ্চিম জার্মানির গোলকিপার বোদো ইলগনারের দুই পায়ের মাঝ দিয়ে বল জালে চালান করেন রিংকন। ২০০৪ সালে পেশাদার ফুটবল ছাড়ার পরের ছয় বছর কোচিংয়েও নেমেছিলেন খেলোয়াড়ি জীবনে ‘কলোসাস’ (অতিকায়) তকমা পাওয়া ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার শক্তপোক্ত এই ফুটবলার।

রিংকনের ২৮ বছর বয়সী ছেলে সেবাস্তিয়ানও ফুটবলার। আর্জেন্টিনার দল বারাসকাস সেন্ট্রালের হয়ে খেলেন। হাসপাতালে শুয়ে থাকা বাবার হাত ধরে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সেবাস্তিয়ান লিখেছিলেন, ‘এই তো আমরা একসঙ্গে লড়ছি বাবা।’

বাবার হাত ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবিটি পোস্ট করেন সেবাস্তিয়ান
ছবি: টুইটার

কলম্বিয়ান ফুটবলের সমর্থকেরাও প্রতিদিন জমায়েত হয়েছেন হাসপাতালের সামনে। এক ভক্ত প্ল্যাকার্ডে লিখে এনেছিলেন, ‘তুমি এখান থেকে বের হবে চ্যাম্পিয়ন।’

কিন্তু হায়, ফ্রেডি রিংকন হাসপাতাল থেকে যখন ছাড়া পেলেন, তখন সেবাস্তিয়ানের আর লড়াইয়ের সুযোগ নেই।