কলসিন্দুরের মেয়েদের জয়ের পতাকা উড়ছেই

বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল ফুটবল খেলে কতটা উঁচুতে উঠতে পারে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের চেয়ে বড় উদাহরণ আর হয় না।
ওই এলাকা থেকে উঠে এসে একদল মেয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন। গতকাল শেষ হওয়া এসএ গেমসে বাংলাদেশ দলের পাঁচজন ছিলেন কলসিন্দুরের। সব বয়সভিত্তিক দলেও কলসিন্দুরের মেয়েদেরই প্রাধান্য। কিছুদিন আগে ওই মেয়েদের কাঠমান্ডু জয়ের কথা তো সবারই জানা। এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ১০ জনই ছিল কলসিন্দুরের।
সেই অনন্য অর্জন কলসিন্দুরের মেয়েদের ভাসিয়েছে খ্যাতির বন্যায়। অদম্য মেয়েদের নিয়ে গত নভেম্বরে প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা প্রামাণ্যচিত্র সাড়া ফেলে দেশ-বিদেশে। ৬ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয় মেয়েদের। প্রথম আলোর পক্ষ থেকে কলসিন্দুরের ১৯ জন মেয়েকে দেওয়া হচ্ছে মাসিক বৃত্তি। গ্রামটাকে ‘আলোকিত’ করার ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর ওই গ্রামে বিদ্যুৎ–সংযোগের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
কলসিন্দুরের মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আলোর মিছিল অনেক দিন খুঁজে ফিরবে তাদের। অদম্য মেয়েদের উঠে আসার যে সিঁড়ি, সেই কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও শক্ত করেছে তাদের ভিত্তি। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এই বিদ্যালয়টি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন!
যেকোনো প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়া মানে বিরাট ঘটনাই। কাল তেমন ঘটনার জন্ম দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেকি আনন্দ কলসিন্দুরের মেয়েদের! ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে রাজশাহীর বাগমারার খর্দকৌড় প্রাথমিক বিদ্যালয়কে। ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে ঢাকায় চূড়ান্ত পর্বে এসে তিনটি ম্যাচসহ মোট ১৮টি ম্যাচেই অপরাজিত কলসিন্দুর স্কুল। আরও চমকপ্রদ তথ্য, টুর্নামেন্টের ফাইনালে এসেই একমাত্র গোলটি খেয়েছে কলসিন্দুর বিদ্যালয়। হতে পারে প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা খেলেছে, কিন্তু তাদের খেলাটা বেশ পরিণত। কথায়ও কী নয়!
টুর্নামেন্টের ফাইনালে একমাত্র গোলটি হজম করা নিয়ে অধিনায়ক তানিয়া বিজ্ঞের মতো হেসে বলল, ‘গোলকিপার সামনে ড্রপ অ্যালাউ করেছে তো তাই, ওর মাথার ওপর দিয়ে বল জালে...।’ তানিয়ার পাশে দাঁড়িয়ে থাকা গর্বিত কোচ মফিজ উদ্দিনের চোখ-মুখ তখন চিকচিক করছিল। পড়ন্ত বিকেলে কে যেন তাঁর হাতে কিছু আঙুর দিলেন খাওয়ার জন্য। সেগুলো হাতে নিয়ে বলছিলেন, ‘আমরা কিন্তু এই প্রতিযোগিতায় গত তিন বছরে কোনো ম্যাচ হারিনি। আমাদের চেষ্টা, ইচ্ছা আর সবার সহযোগিতায় মেয়ের এতদূর উঠে এসেছে।’
অথচ বঙ্গমাতা টুর্নামেন্টের প্রথম দুই আসরে বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে নকআউট পর্বের প্রথম ম্যাচেই হেরে বিদায় নিয়েছিল কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই দলটির সামনে কিনা দেশের কোনো প্রতিপক্ষ দাঁড়াতেই পারে না এখন! ম্যাচে ছয়-সাত গোল করা দলটির অভ্যাসই হয়ে গেছে। এবার সর্বোচ্চ জয় এসেছে ১২-০ গোলে। কলসিন্দুরের রোজিনা হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, চূড়ান্ত পর্বে ৩ ম্যাচে তার গোল নয়টি। একই দলের শামসুন নাহার টুর্নামেন্ট-সেরা। গলায় ট্রফি, হাতে আর্থিক পুরস্কার—এই মেয়েদের আনন্দ থামছিল না কিছুতেই।
কালকের বিকেলটা আসলে কক্সবাজারের পেকুয়ার রাজাখালী প্রাথমিক বিদ্যালয়ের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। মেয়েদের ফাইনালের আগে ষষ্ঠ বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে হারিয়েছে দিনাজপুরের বীরগঞ্জের মরিচা প্রাথমিক বিদ্যালয়কে। সেটিও রীতিমতো রোমাঞ্চ ছড়িয়ে। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে এল জয়, খুদে ফুটবলাররা স্নায়ু ঠিক রেখে বড়দের মতো শট মারল। টাইব্রেকার মানে গোলরক্ষকের পরীক্ষা, তাতে জয়ী হলে নায়ক হওয়ার সুযোগ। সবই থাকল কালকের এই খুদে ফুটলারদের ফাইনালে।
তাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২১ লাখ ছেলেমেয়ের জন্য টুর্নামেন্টের শেষ দিনটি হলো চমক জাগানিয়া। তারা কাছ থেকে দেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তবে সৌভাগ্যবান নিশ্চয়ই সবাই নয়। প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়া, গলায় মেডেল পরা এমন দিন কি এই খুদে ফুটবলাররা ভাবতে পেরেছিল! প্রধানমন্ত্রীও খেলা দেখে মুগ্ধ। খুদে ছেলেমেয়েদের অকুণ্ঠ প্রশংসা করলেন, ‘এরা চমৎকার নৈপুণ্য দেখিয়েছে। মনে হয় বড়দেরও হার মানিয়ে দিয়েছে।’