কল্পনাকেও ছাড়িয়ে যাওয়ার রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে তাঁরা ইতিহাস লিখেছেন, আর সমর্থকেরা পুরো ৯০ মিনিটই গ্যালারি থেকে দিয়েছেন উৎসাহ। ম্যাচের পর তাই অধিনায়ক গুনারসনের নেতৃত্বে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে যোগ দিলেন আইসল্যান্ড খেলোয়াড়েরা। পরশু নিসে l এএফপি
মাঠে তাঁরা ইতিহাস লিখেছেন, আর সমর্থকেরা পুরো ৯০ মিনিটই গ্যালারি থেকে দিয়েছেন উৎসাহ। ম্যাচের পর তাই অধিনায়ক গুনারসনের নেতৃত্বে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে যোগ দিলেন আইসল্যান্ড খেলোয়াড়েরা। পরশু নিসে l এএফপি

ম্যাচ চলার সময়েও দৃশ্যটা বেশ কয়েকবার চোখে পড়েছিল। আইসল্যান্ড দর্শকেরা সবাই একসঙ্গে হাত ওপরে তুলে দাঁড়িয়ে, অনেকটা ইংরেজি অক্ষর ‘ওয়াই’-এর মতো। এরপর সবাই মিলে মুখে ‘হুউউউ’ আওয়াজ তুলতে তুলতে একই ছন্দে একবার হাততালি। আওয়াজ শুনে মনে হচ্ছিল, যেন আট থেকে এগারো শতাব্দীতে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে দাপিয়ে বেড়ানো জলদস্যুরা নিসে ফিরে এসেছেন আইসল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দর্শক হয়ে।
পরশুর এই ম্যাচের পর অধিনায়ক অ্যারন গুনারসনের সঙ্গে মিলে আইসল্যান্ড খেলোয়াড়েরাও যোগ দিলেন সমর্থকদের সঙ্গে। সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের মিলিত ‘ভাইকিং চ্যান্ট’—সম্ভবত এবারের ইউরোর সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলোর একটি। অবশ্য আইসল্যান্ডের পারফরম্যান্সও তো তেমনই, জন্ম দিয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর রূপকথার গল্পগুলোর একটির। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল আইসল্যান্ড! অবিস্মরণীয় বললেও হয়তো কম বলা হয়।
‘কোনো সন্দেহ নেই, আইসল্যান্ডের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় অর্জন এটি’—স্ট্রাইকার জন ডাডি বডভারসনের কথাটা যদি কিছুটা বোঝাতে পারে আইসল্যান্ডের অর্জনটাকে। এই প্রথম ইউরোতে খেলতে আসা দলটি বিদায় করে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইংল্যান্ডকে! নিজেরা জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। অবিশ্বাস ছুঁয়ে যাচ্ছে বডভারসনকেও, ‘এই প্রথম আমরা এমন কোনো বড় টুর্নামেন্টে খেলছি। কল্পনাও করতে পারছি না কতটুকু এসে গেছি! ভাষা খুঁজে পাচ্ছি না। অবিশ্বাস্য! গায়ে কাঁটা দিয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে।’
দলের তারকা খেলোয়াড় গিলফি সিগুর্ডসনের সঙ্গে মিলে এই বডভারসনই ম্যাচের ১৮ মিনিটে গড়ে দিয়েছিলেন আইসল্যান্ডের জয়সূচক গোল। দুজন নিজেদের মধ্যে পাসের পর বল দিয়েছিলেন গোলদাতা সিগথরসনকে। আইসল্যান্ড স্ট্রাইকারের শট ইংল্যান্ড গোলকিপারের হাতে লেগে জড়িয়ে যায় জালে। এর আগে পেনাল্টি থেকে ওয়েইন রুনির গোলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার ৭৫ সেকেন্ড পরই আইসল্যান্ডকে সমতায় ফেরান রাগনার সিগুর্ডসন।
শুধুই একটা জয় বা টুর্নামেন্টে পরের রাউন্ডে যাওয়ার আনন্দ নয়, আইসল্যান্ডের খেলোয়াড়দের কাছে এই কীর্তি বাকি জীবন গল্প করে কাটানোর মতো। ৩ লাখ ৩০ হাজার জনসংখ্যার ছোট্ট এই দেশটির সবচেয়ে বড় তারকা এখন এই ২৩ ফুটবলার। ইউরোতে তারাই একমাত্র দল, যাদের কোচ দুজন। তাঁদেরই একজন হেইমির হালগ্রিমসন বললেন, ‘জীবনের কাছ থেকে সেরাটা বের করে নিতে হলে আপনাকে সুযোগের জন্য তৈরি থাকতে হবে। এই ছেলেরা তৈরি ছিল। বিশাল একটা সুযোগ তারা পেয়েছে। জীবন বদলে দেওয়ার মতো।’
তবে আইসল্যান্ড খেলোয়াড়দের জীবন বদলে যাওয়ার পেছনে ইংল্যান্ড গোলকিপার জো হার্টের ‘হাত’ আছে। আইসল্যান্ডের দ্বিতীয় গোলটিতে সিগথরসনের কৃতিত্ব যত বেশি, তার চেয়েও বেশি দায় হার্টের। দায় স্বীকারও করে নিচ্ছেন ২৯ বছর বয়সী গোলকিপার, ‘দল হিসেবে এটাই আমাদের ত্রুটি। পরিকল্পনা ঠিকঠাক ছিল, আইসল্যান্ডের বিষয়ে সবকিছুই আমরা জানতাম। কিন্তু শেষ পর্যন্ত ঠিকমতো খেলতে পারলাম না। আমিও ঠিকমতো পারফর্ম করতে পারিনি।’
ইতিহাস গড়ার মুহূর্তটিতে মাঠে উপস্থিত হাজার চারেক দর্শকই আইসল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে বিজয় উদ্যাপন করেছেন। রেকাভিকের অবস্থাটা তাহলে ভাবুন! আইসল্যান্ডের রাজধানীতেও হাজার হাজার সমর্থক একসঙ্গে ‘ভাইকিং চ্যান্টে’ উদ্যাপন করেছেন। এএফপি।
ইউরোতে এই উদ্যাপন আবার দেখতে পাওয়ার সম্ভাবনা কতটুকু? শেষ আটে যে প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স! অধিনায়ক গুনারসন অবশ্য আরও স্বপ্ন দেখাচ্ছেন, ‘আমরা সব সময় নিজেদের ওপর আস্থা রাখি। আমাদের দৃষ্টিভঙ্গিই তেমন।’

কোনো সন্দেহ নেই, আইসল্যান্ডের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় অর্জন এটি
জন ডাডি বডভারসন
স্ট্রাইকার, আইসল্যান্ড

দল হিসেবে এটাই আমাদের ত্রুটি। পরিকল্পনা ঠিকঠাক ছিল, আইসল্যান্ডের বিষয়ে সবকিছুই আমরা জানতাম। কিন্তু শেষ পর্যন্ত ঠিকমতো খেলতে পারলাম না। আমিও ঠিকমতো পারফর্ম করতে পারিনি
জো হার্ট
গোলকিপার, ইংল্যান্ড