কষ্ট করল রিয়াল, মধু খাবে চেলসিও

গতকাল নিজেদের ৩৪ তম লিগ শিরোপা জিতেছে রিয়াল। কিন্তু এর ফলে আর্থিক লাভ হচ্ছে চেলসিরও।
আক্রমণভাগে করিম বেনজেমা গোলের পর গোল করে গেছেন। রক্ষণের পাশাপাশি অনেক অনেক গোল করেও দারুণ ভূমিকা রেখেছেন অধিনায়ক ও ডিফেন্ডার সার্জিও রামোস। রক্ষণে রাফায়েল ভারান, ফারলাঁ মেন্দি, মাঝমাঠে কাসেমিরো-টনি ক্রুসের পাশাপাশি তরুণ ফেদেরিকো ভালভার্দেরাও দারুণ ভূমিকা রেখেছেন। আর ডাগআউটে তো পরশপাথর হয়ে জিনেদিন জিদান ছিলেনই। সবকিছু মিলিয়েই এবারের স্প্যানিশ লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ।
কিন্তু কাল ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে রিয়ালের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পরই যেন আরেকটা ব্যাপারও নিশ্চিত হয়ে গেল, রিয়ালের এত কষ্টের ফলে ছোট হলেও একটু ভাগ বসাতে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। এই মৌসুমে চেলসি থেকে ১০ কোটি ইউরোতে (৯ কোটি ১০ লাখ পাউন্ড) এডেন হ্যাজার্ডকে নিয়ে এসেছে রিয়াল, সেই চুক্তিতে থাকা শর্তের কারণেই রিয়াল লিগ জেতায় প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড লাভ হতে যাচ্ছে চেলসির—স্পোর্টস রেশন নামের এক ওয়েবসাইটকে সূত্র হিসেবে দেখিয়ে এমনটাই বলছে ইংলিশ দৈনিক ডেইলি মিরর।
সাধারণত খেলোয়াড়দের দলবদলের চুক্তিতে এমন শর্ত থাকেই। খেলোয়াড় যে ক্লাবে যাচ্ছেন, সে ক্লাবের পারফরম্যান্স, পাশাপাশি খেলোয়াড়েরও পারফরম্যান্স-ম্যাচ খেলার সংখ্যা—এসব কিছুর ভিত্তিতে বিভিন্ন পরিমাণ বোনাস খেলোয়াড়ের পুরোনো ক্লাব পাবেন এমন শর্ত থাকে। হ্যাজার্ডের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। মিরর লিখেছে, রিয়াল চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলে চেলসি ১ কোটি ৫০ লাখ পাউন্ড পাওয়ার কথা ছিল। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা তো রিয়াল অনেক আগেই নিশ্চিত করেছে। রিয়াল লিগ জিতলে চেলসি ১ কোটি ৮০ লাখ পাউন্ড পাবে, এমন শর্তও ছিল। ধারণা করা হচ্ছে, রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতলেও চেলসি আরও বোনাস পাবে।
হ্যাজার্ডকে বিক্রি করে ৯ কোটি ১০ লাখ পাউন্ড তো চেলসি পেয়েছেই। চুক্তিতে পারফরম্যান্স বিষয়ক যত শর্ত ছিল, সব পূরণ হলে সব মিলিয়ে হ্যাজার্ডের দলবদলের জন্য চেলসির আয়ের অঙ্কটা ১৩ কোটি পাউন্ডে দাঁড়াবে। তবে এসব পারফরম্যান্স বোনাসের ক্ষেত্রে হ্যাজার্ড কত ম্যাচ খেলতে হবে, তা উল্লেখ করা ছিল কি না, সেটি জানাতে পারেনি মিরর। রিয়ালে চোটজর্জরিত প্রথম মৌসুমে লিগে মাত্র ১৬ ম্যাচে মাঠে নামতে পেরেছেন হ্যাজার্ড, চ্যাম্পিয়নস লিগে খেলেছেন পাঁচ ম্যাচ।
বোনাসের অর্থ পেলে চেলসির জন্য নিশ্চিতভাবেই দলবদলে অনেক উপকার হবে। এই মৌসুমে লিগে সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে চায় চেলসি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে দারুণ প্রতিশ্রুতি দেখানো দলে এবার অনেক বিনিয়োগও করছে চেলসি। গত দুটি দলবদলের বাজারে নিষেধাজ্ঞার কারণে খেলোয়াড় কিনতে না পারা চেলসি এরই মধ্যে জার্মান স্ট্রাইকার টিমো ভের্নার ও মরোক্কান উইঙ্গার হাকিম জিয়াশকে আগামী মৌসুমে দলে আনা নিশ্চিত করেছে। জার্মান ফরোয়ার্ড কাই হাভের্টজ, লেস্টারের ইংলিশ লেফটব্যাক বেন চিলওয়েল ও ওয়েস্ট হামের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইসকেও চেলসি কিনতে পারে বলে শোনা যাচ্ছে।