কষ্ট? হিগুয়েইনকে বিক্রি করে নাপোলি নাকি খুশিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিগুয়েইনকে নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছেই। ফাইল ছবি
হিগুয়েইনকে নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছেই। ফাইল ছবি

বিদ্রূপের স্লোগান উঠেছে। জার্সিতে ছুড়ে ফেলা হয়েছে কাদা-ময়লা। প্রতারক, বিশ্বাসঘাতক আখ্যাও পেয়েছেন। নাপোলি থেকে গঞ্জালো হিগুয়েইন চলে যাওয়ায় সমর্থকেরা রীতিমতো হতাশ, ক্ষুব্ধ। ক্লাব সভাপতি তো একের পর এক তির ছুড়েছেন হিগুয়েইনের দিকে। হিগুয়েইনকে ‘মিথ্যাবাদী নয়তো একজন অভিনেতা’ বলে সমালোচনা করেছেন ক্লাব সভাপতি অরেলিও ডি লরেন্তিস।


হিগুয়েইন এর আগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এবার তাঁর ভাই ও এজেন্ট নিকোলাস দাবি করলেন, মুখে যা-ই বলুক, নাপোলি কর্তৃপক্ষ নাকি হিগুয়েইনকে বেচার পর খুশিই। অঢেল টাকা যে পাওয়া গেছে! হিগুয়েইনকে কিনতে জুভেন্টাসকে ৯ কোটি ইউরো খরচ করতে হচ্ছে। ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামি দলবদলের রেকর্ড করেছেন হিগুয়েইন, ইতালির ফুটবল কিংবা কোনো স্ট্রাইকারের দাম হিসেবে সর্বকালের সর্বোচ্চ।

নিকোলাস হিগুয়েইন বলেছেন, ‘অরেলিও বলেছেন, গঞ্জালো নাকি একজন অভিনেতা। আমার তো মনে হয় নাপোলির সভাপতিই একজন অভিনেতা। জুভেন্টাস থেকে ৯০ মিলিয়ন ইউরো পেয়ে তিনি বরং মহাখুশি।’

নাপোলি হিগুয়েইনকে অনেক দিয়েছে। প্রতিদানে তিনিও কম দেননি বলে দাবি নিকোলাসের। হিগুয়েইনের আরও বড় স্বপ্ন, বড় মিশন থাকতেই পারে। নিকোলাসের বক্তব্য, ‘গঞ্জালো এখন ইতালিয়ান লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের জন্যও লড়াই করবে। এটা ওর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। প্রত্যেকেরই নিজ নিজ স্বার্থ থাকে, তারা সেটা রক্ষাও করতে চায়।’
নিকোলাসের দাবি, ক্লাব-সমর্থকেরা কষ্ট পেলেও ক্লাব কর্তৃপক্ষ ভীষণ খুশি এক কাঁড়ি টাকা পেয়ে।