কষ্টার্জিত জয় বার্সার
আর্সেনালের সঙ্গে দুদিন পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। এই ভাবনাই কি পেয়ে বসেছিল বার্সেলোনাকে? মনোযোগটা ওই ম্যাচের দিকে বেশি ছিল বলেই হয়তো, কাল স্প্যানিশ লিগে লাস পালমাসের মাঠে একেবারেই অচেনা দেখাল বার্সাকে। লুইস এনরিকের দল ২-১ গোলে জিতেছে ঠিকই, কিন্তু লিগের ১৮তম দলের বিপক্ষে জয়টাকে ‘কষ্টার্জিত জয়’ বললেও হয়তো কম বলা হবে।
ম্যাচের পুরোটা সময় বার্সার সঙ্গে সমানে সমানে লড়ে গেছে লাস পালমাস। ছয় মিনিটে লুইস সুয়ারেজের গোলে বার্সা এগিয়ে গিয়েছিল, কিন্তু মিনিট তিনেক পরই আবার সমতা ফিরিয়ে আনে লাস পালমাস। ৩৯ মিনিটে নেইমারের গোলটি অবশ্য আর ফেরত দিতে পারেনি তারা।
তবে স্কোরটা ঠিক ম্যাচের গল্প বোঝাতে পারছে না। শুধু গোলটাই পাওয়া হয়নি, এ ছাড়া বাকি সবকিছুই করেছে লাস পালমাস। কখনো স্ট্রাইকারদের ব্যর্থতায়, কখনো শেষ পাসটা ঠিকঠাক না হওয়ার মাশুলই দিতে হয়েছে ম্যাচ হেরে। অবশ্য এক দিক দিয়ে তারা ‘জয়ী’—পুরো ম্যাচে বার্সার ১৩ শটের বিপরীতে লাস পালমাসের শট ছিল ১৬টি! ইউরোপের অনেক বড় দল যেটি পারেনি, সেটিই করে দেখিয়েছে এবারই স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসা লাস পালমাস। ইএসপিএন।
এদিকে বুন্দেসলিগায় ডার্মস্টাটকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন টমাস মুলার, অন্যটি রবার্ট লেভানডফস্কির।