কষ্টের কথাটা বলে দিলেন জাভি

ক্ষোভ বলুন বা হতাশা, খুব বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না। পারলেন না জাভিও। মাস তিনেক মনে চাপা দিয়ে রাখলেও বিশ্বকাপ নিয়ে নিজের একটা হতাশার কথা অবশেষে উগরে দিলেন বার্সেলোনা মিডফিল্ডার। বললেন, বিশ্বকাপে চিলি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারাটা ছিল তাঁর জন্য চরম হতাশাজনক।
ইউরো-বিশ্বকাপ-ইউরো স্পেনের ত্রিমুকুট জয়ের অন্যতম কারিগর। সেই ‘মিডফিল্ড জেনারেল’কেই জাতীয় দল থেকে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপে ব্যর্থতার গ্লানি নিয়ে। এত দিন পর জাভি বলছেন ব্যক্তিগত একটা কষ্টও বুকে নিয়ে বিদায় নিতে হয়েছে তাঁকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্পেন ৫-১ গোলে বিধ্বস্ত হয় হল্যান্ডের কাছে। জাভি ভাবতেই পারেননি, সালভাদরের সেই ম্যাচটাই হয়ে থাকবে স্পেনের হয়ে তাঁর শেষ ম্যাচ! চিলি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে জাভিকে মাঠেই নামাননি কোচ ভিসেন্তে দেল বস্ক।
মনটাকে হালকা করতেই হয়তো পরশু ক্যানাল প্লাস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভেতরের কষ্টটা বের করে দিলেন ১৩৩টি ম্যাচ খেলা জাভি, ‘চিলির বিপক্ষে খেলতে না পারাটা ছিল আমার জন্য খুবই হতাশাজনক। ২০১২ ইউরোর পর কোচই আমাকে আরও দুই বছর দলে থাকতে বলেছিলেন। কাজেই হল্যান্ড ম্যাচের পর আর খেলতে না পারাটা ছিল হতাশার।’
গুঞ্জন ছিল তাঁর বার্সেলোনা ছেড়ে যাওয়া নিয়েও। এমনকি এমনও খবর ছড়ায়, বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাচ্ছেন জাভি! সেখানে সাবেক গুরু পেপ গার্দিওলার সঙ্গে জাভির যুগলবন্দীর সম্ভাবনা দেখেই কিনা গুঞ্জনটা ডালপালা গজায় দ্রুতই। কিন্তু জাভি বলছেন, তাঁর বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্তের পেছনে বায়ার্ন জড়িয়ে গুঞ্জনটাই, ‘যদি ব্যাপার আমার হাতে থাকত, আমি কখনোই বার্সেলোনা ছাড়তাম না। কিন্তু সেটা অন্যের হাতে। আমি বায়ার্নের ব্যাপারে কিছুই শুনিনি। আমি ক্লাবকে বলেছিলাম, আমি ইউরোপের অন্য কোনো ক্লাবে খেলতে চাই না, বার্সেলোনার মুখোমুখি হতে চাই না। আমি বার্সেলোনাতেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই এবং দেখা যাক কী ঘটে।’ গোলডটকম।