কসমসে শেষ 'রাউল মাদ্রিদের'

রিয়াল মাদ্রিদ ছাড়ার পরে একরকম আড়ালেই চলে গিয়েছিলেন। মাঝখানে যে বুন্দেসলিগার শালকে জিরো ফোর, ওমানের আল সাদ ক্লাব হয়ে এখন খেলছেন আমেরিকার দল নিউইয়র্ক কসমসে, এটি অনেকের মনেই থাকে না!
আর দশজনের সঙ্গে এখানেই পার্থক্য রাউল গঞ্জালেসের। প্রায় সবার কাছেই এখনো তিনি রিয়ালের রাউলই। কিন্তু ঘটনা হলো রাউল প্রায় পাঁচ বছর হলো রিয়াল ছেড়েছেন। বার্নাব্যু ছেড়ে প্রথম যে ক্লাবে যান, সেটি শালকে জিরো ফোর। মধ্যত্রিশেও বুন্দেসলিগার দলটির হয়ে ৯৮ ম্যাচে ৪০ গোল করেছেন। এতটা উজ্জ্বল না হলেও আল সাদ কিংবা কসমসও তাঁর প্রতিভার ঝলক দেখেছে। স্পেনের সাবেক স্ট্রাইকারকে নিয়ে এসব বলার কারণ, আগামী মাসেই খেলোয়াড়ি জীবনের ইতি টানতে যাচ্ছেন রিয়ালের সাবেক তারকা। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের নর্থ আমেরিকান সকার লিগ (এনএএসএল) শেষ হবে নভেম্বরে। এই লিগটাই রাউলের ক্যারিয়ারের শেষ, পরশু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, এই মৌসুম শেষেই অবসর নিচ্ছেন।
১৯৯৪ সালে পেশাদার ক্যারিয়ারের শুরু। তার মানে মাঠেই কেটে যাচ্ছে ২১টি বছর। মাঠের সঙ্গে এই লম্বা মিতালি চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিনই ছিল রাউলের জন্য, ‘ফুটবল খেলাটা লম্বা সময় ধরে আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। তাই খেলা ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু আমার বিশ্বাস, অবসরে যাওয়ার এটাই সঠিক সময়।’
নিউইয়র্ক কসমসের খেলোয়াড় হলেও ক্লাবটির যুব একাডেমির পরামর্শক হিসেবেও কাজ করছেন। ধারণা করা হচ্ছে, খেলা ছাড়ার পর আরও ভালোভাবে একাডেমির সঙ্গে জড়িয়ে পড়বেন। পরে কী হবে তা পরের কথা, আপাতত রাউলের চিন্তা লিগ শিরোপা জয়, ‘ভালোভাবে মৌসুম শেষ করা এবং কসমসকে এনএএসএল চ্যাম্পিয়নশিপ জেতানোর দিকেই পুরোপুরি মনোযোগ আমার। আসছে মাসেই ঠিক করব ক্যারিয়ার শেষে কী করব আমি।’
কসমসের হয়ে ক্যারিয়ার শেষ করলেও ‘রাউল মাদ্রিদ’ হয়েই থাকবেন রাউল। রিয়ালের হয়ে যা করছেন খেলার ছাড়ার পর বাকি জীবনে সেটিই রোমন্থন করে কাটানো যাবে। ৩টি চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি লা লিগা জিতেছেন ৬ বার। সবসুদ্ধ বার্নাব্যুর দলটির হয়ে জিতেছেন ১৬টি শিরোপা। ২০০৯ সালে আলফ্রেডো ডি স্টেফানোকে টপকে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৩২৩ গোলের রেকর্ড গড়েন। গোলমেশিন রোনালদো সেটি ছুঁয়ে ফেললেও রিয়ালের হয়ে তাঁর ৭৪১ ম্যাচ খেলার রেকর্ডটা হয়তো অবিনশ্বরই থেকে যাবে। তথ্যসূত্র: রয়টার্স।
রাউল: ক্লাবথেকেক্লাব
রিয়াল মাদ্রিদ
৭৪১ ম্যাচে ৩২৩ গোল
শালকে জিরো ফোর
৯৮ ম্যাচে ৪০ গোল
আল সাদ
৬১ ম্যাচে ১৬ গোল
নিউইয়র্ক কসমস
২৭ ম্যাচে ৭ গোল