কস্তা যেন 'পশু'!

গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদে অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন ডিয়েগো কস্তা। ক্লাব বদলেছে, বদলেছে ভূগোলও। পেয়েছেন নতুন কোচ-সতীর্থ। তবে বদলায়নি কস্তার সেই ধার। নতুন মৌসুমে চেলসিতেও ছুটছে এ ফরোয়ার্ডের গোলবন্যা। লিগে তিন ম্যাচে গোল সংখ্যা চার। সাবেক ইংলিশ তারকা ও ডেইলি মেইল-এর কলামিস্ট জেমি রেডন্যাপ কস্তার পারফরম্যান্সে এতটাই মুগ্ধ, কস্তাকে ‘পশু’ই বলে ফেললেন!
না, চমকাবেন না। পশু নেতিবাচক অর্থে বলেননি। বরং কস্তার গোলক্ষুধা দেখেই তাঁকে শিকারি পশুর মতো ক্ষুধার্ত মনে হয়েছে তাঁর। ডেইলি মেইল-এ রেডন্যাপ লিখেছেন, ‘স্প্যানিয়ার্ড (কস্তা) সত্যি একটা পশু। চেলসিতে ওর শুরুটা হলো দুর্দান্ত। তার আক্রমণগুলো ‘তাসমানিয়ান ডেভিল’-এর মতো। গুডিসন পার্কে ওকে দেখে এভারটনের রক্ষণভাগ ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল। প্রতিটি খেলায় সে গোলের জন্য মুখিয়ে থাকছে। এই কারণে ও খুব ক্ষুধার্ত। আপনি সব সময় অন্য স্ট্রাইকারের মধ্যে এটা দেখতে পাবেন না।’
অনেক দিন ধরেই পূর্ণাঙ্গ স্ট্রাইকারের অভাব অনুভব করছিলেন হোসে মরিনহো। তোরেস, ইতো, ডেম্বা বারাও সে শূন্যতা পূরণ করতে ব্যর্থ। এবার কস্তা সে শূন্যতা পূরণ করতে পারবেন কি না, মৌসুমের শুরুতেই তা বলা কঠিন। তবে কস্তা যে গতিতে ছুটছেন, তাতে মরিনহোর ‘স্ট্রাইকার-দুঃখ’ এবার ঘুচেই যেতে পারে। সূত্র: মেইল অনলাইন।