কস্তাই সেই স্ট্রাইকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ম্যাচেই চার গোল। কস্তা উড়ছেন, উড়ছে চেলসিও। পরশু গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটির পর l রয়টার্স
তিন ম্যাচেই চার গোল। কস্তা উড়ছেন, উড়ছে চেলসিও। পরশু গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটির পর l রয়টার্স

পূর্ণাঙ্গ এক স্ট্রাইকারকে দিয়ে ছেঁড়া তারটা জুড়তে চাইছিলেন হোসে মরিনহো। সেই মুখ খুঁজে ফিরলেন তোরেস, ইতো, ডেম্বা বাদের মধ্যে। পেলেন না। এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তাই আনলেন ডিয়েগো কস্তাকে। এখন পর্যন্ত ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার যেমন খেলেছেন, তাতে মরিনহো মনে হয় তাঁকে দিয়েই ছেঁড়া তারটায় জোড়া লাগাতে পারবেন!
গত মৌসুমে বলতে গেলে ভালো একজন স্ট্রাইকারের জন্যই শিরোপা-দৌড় থেকে ছিটকে পড়েছে চেলসি। ফার্নান্দো তোরেস অনেক দিন থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ডেম্বা বা সেভাবে আলো ছড়াতে পারেননি, স্যামুয়েল ইতো বয়সের সঙ্গে নিজের ধার হারিয়েছিলেন অনেকটাই। তিন স্ট্রাইকার মিলে চেলসির হয়ে গোল করেছিলেন মাত্র ১৯টি। দলবদলের নতুন মৌসুমে মরিনহো তাই সবার আগে নিতে চাইছিলেন একজন স্ট্রাইকারকে। ডিয়েগো কস্তা অ্যাটলেটিকোর হয়ে গত মৌসুমেই দেখিয়েছেন, গোলটা ভালোই চেনেন। মরিনহো তাই চার কোটি ইউরো খরচ করে আনলেন কস্তাকে। কিন্তু ‘স্পেশাল ওয়ান’ তার পরও একটু সংশয়ে ছিলেন, ইংলিশ লিগে কস্তা খাপ খাইয়ে নিতে পারবেন তো?
লিগে চেলসির প্রথম তিনটি ম্যাচের পরীক্ষায় পুরো নম্বর পেয়ে উত্তীর্ণ কস্তা। নতুন ক্লাবে এসে প্রথম তিন ম্যাচেই করে ফেলেছেন চার গোল। অথচ এই চার গোল করতে দিদিয়ের দ্রগবাকে খেলতে হয়েছিল ১২টি ম্যাচ, আর তোরেসকে ৩৯টি! এভাবে খেলে যেতে পারলে নিশ্চিতভাবেই ‘এলাম, দেখলাম, জয় করলাম’ কথাটা কস্তা গর্ব করেই বলতে পারবেন!
শারীরিক শক্তির সঙ্গে দুর্দান্ত গতি। সেই সঙ্গে জাল চিনে যাওয়ার সহজাত ক্ষমতা—মরিনহো ঠিক এ রকম কাউকেই খুঁজছিলেন। পরশু এভারটনের সঙ্গে নিজের প্রথম শটেই গোল, প্রথম দুই ম্যাচেও ছিল তাই। পরে অন্তিম সময়ে করেছেন আরেকটি। তবে শুধু গোল করা নয়, নিচে নেমে রক্ষণেও সহায়তা করেছেন প্রয়োজনে। মরিনহো ম্যাচ শেষে কস্তাকে নিয়ে ঝরালেন উচ্ছ্বাস, ‘এটা ছিল একজন স্ট্রাইকারের পূর্ণাঙ্গ একটা পারফরম্যান্স। নিখুঁতও বটে। প্রথমার্ধে সে ট্যাকল করেছে, বল ছিনিয়ে নিয়েছে, নিজের কাছে রেখেছে। তার মুভমেন্ট ছিল অসাধারণ। তিনটি সুযোগ পেয়ে দুটিতেই সে গোল করেছে।’
তবে ইংল্যান্ডে স্বল্প সময়েই মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে কস্তাকে। ঘটনাটা এভারটনের ম্যাচেই। এভারটন ডিফেন্ডার কোলম্যানের আত্মঘাতী গোলের পর কিছু একটা বলেছিলেন তাঁকে। গোলরক্ষক টিম হাওয়ার্ড সঙ্গে সঙ্গে তেড়ে যান কস্তার দিকে। পরে এভারটন কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘আমার মনে হয় নতুন বিদেশি খেলোয়াড়দের প্রিমিয়ার লিগের মূল্যবোধ ও ঐতিহ্যটা বোঝার চেষ্টা করা উচিত। একজন খেলোয়াড় কোনোভাবেই আরেকজনকে অসম্মান করতে পারে না।’ পরশু সেই ঘটনার আগেই হলুদ কার্ড দেখেছিলেন। সবসুদ্ধ চারটি গোলের পাশাপাশি দুটি হলুদ কার্ডও হয়ে গেছে!
মরিনহো অবশ্য দাবি করছেন, দুটি হলুদ কার্ডের একটিও কস্তার প্রাপ্য নয়। তাঁকে ‘লক্ষ্যবস্তু’ বানানো হচ্ছে বলেও চেলসি কোচের অভিযোগ। সেটা কতটা ঠিক, সামনেই বোঝা যাবে। কস্তার এখনো অনেক কিছুই যে দেখার বাকি! এএফপি, বিবিসি।