কস্তায় দ্রগবার ছায়া

গত মৌসুমে অ্যাটলেটিকোর জার্সি গায়ে কস্তা যা করেছিলেন তাকে কী ঝড় বলা চলে? ওটাকে ‘ঝড়’ বললে এবার চেলসির জার্সিতে যা করছেন, সেটাকে তো প্রলয় হিসেবেই অভিহিত করতে হয়। ইংলিশ মৌসুমে চেলসির প্রথম চার ম্যাচেই তিনি নিজের গোলসংখ্যা সাতে নিয়ে গেছেন। গত রাতেও সোয়ানসি সিটির বিপক্ষে করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। নিজের পারফরম্যান্সে কস্তা যেভাবে প্রতিপক্ষকে ‘খুন’ করে চলেছেন, তাতে অনেকেই তাঁকে চেলসির নতুন ‘দ্রগবা’ নামে ডাকা শুরু করেছেন।
তবে কি চেলসিতে আবির্ভাব ঘটেছে নতুন দ্রগবার? কস্তা কি তবে বয়ে নিয়ে বেড়াচ্ছেন আফ্রিকান তারকার উত্তরাধিকার? তাঁর খেলার ধরন-ধারণ তো ওই দ্রগবার মতোই। স্ট্রাইকার ভূমিকার পাশাপাশি শক্তিশালী ফুটবল-শৈলীতে প্রতিপক্ষকে পায়ের কাছে নামিয়ে নিয়ে আসা। ঠিক যেমনটা দ্রগবা করতেন। কস্তা সবাইকে যেন মনে করিয়ে দিচ্ছেন দ্রগবার সেই দিনগুলো।
পুরো ব্যাপারটাতেই বিস্মিত চেলসি কোচ হোসে মরিনহো। কস্তাকে দ্রগবার মতো মনে হয় কি না, সেই প্রশ্নের উত্তরটা অবশ্য সোজাসুজি দেননি তিনি। কিন্তু তাঁর কণ্ঠে ঠিকই প্রশংসা ঝরেছে কস্তার ‘শক্তিশালী ফুটবল’টা। সেই সঙ্গে কস্তার ব্যাপারে নিজের কৃতিত্বটা কিন্তু আদায় করে নিতে ভোলেননি ‘স্পেশাল ওয়ান’, ‘আমি জানতাম চেলসিতে এলে কস্তা দারুণ ফুটবল খেলবে। সে জন্য ওকে সই করিয়েছিলাম। কস্তা দুর্দান্ত স্ট্রাইকার। কিন্তু প্রথম চার ম্যাচে যে সে সাত গোল করে ফেলবে, সেটা ভাবতে পারিনি।’
মরিনহো ভাবতে না পারলেও কস্তা কিন্তু তাঁকে ভাবতে বাধ্য করছেন। কেবল মরিনহো কেন, কস্তা ভাবাচ্ছেন অনেককেই। বিশ্বকাপে স্পেনের জার্সি গায়ে নিজের ব্যর্থতাটা যে ইংলিশ লিগে খেলতে এসে এভাবে জুড়োতে থাকবেন, সেটাই বা কে ভেবেছিল। কিন্তু নীল জার্সিতে তো সবাই তাঁকে নতুন করেই আবিষ্কার করল! এবারের মৌসুমে অ্যাটলেটিকো থেকে কস্তাকে উড়িয়ে নিয়ে এসে চেলসি যেন পুরোনো তারকা দিদিয়ের দ্রগবাকে নতুন করেই ফিরে পেল! সূত্র: এএফপি, রয়টার্স।