প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলপোস্টের সামনে বেশ সাবলীল, কিন্তু মাইক্রোফোনের সামনে গেলেই যেন জড়তা পেয়ে বসে ডিয়েগো কস্তাকে। সাংবাদিকের সামনে তো নয়-ই, এমনকি এবার এডেন হ্যাজার্ডও ব্যর্থ হলেন ডিয়েগো কস্তার পেট থেকে কথা বের করতে। গত পরশুর কথা, মাত্রই উইলিয়ান ও কস্তার গোলে হাল সিটিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ড্রেসিংরুমের টানেলে চেলসি টিভিকে সাক্ষাৎকার দিচ্ছিলেন হ্যাজার্ড, এমন সময় উইলিয়ান-কস্তাকে দেখে নিজেই বনে যান ‘সাংবাদিক’। মাইক্রোফোন হাতে দুজনকেই প্রশ্ন করেন তাঁদের গোল নিয়ে। উইলিয়ান তাও দু-একটি কথা বলেছেন, কিন্তু কস্তা ‘স্পিকটি নট’। ২৭ বছর বয়সী স্ট্রাইকারের উত্তর, ‘নো কম্প্রেন্দে!’ বুঝতে পারছি না! অবশ্য তাঁরই বা দোষ কী? হ্যাজার্ড প্রশ্নটা করেছিলেন ইংরেজিতে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কারও কাছে ভাষাটা যে বড্ড কঠিন।