কস্তার ওপর বিরক্ত দেল বস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ইচ্ছে তো ছিলই, কোচ ভিসেন্তে দেল বস্কের সুদৃষ্টিও ছিল বড় কারণ। এ জন্যই ব্রাজিলের ডিয়েগো কস্তা আজ স্পেন দলের স্ট্রাইকার। কিন্তু আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে লরেন্ত কসিয়েলনির সঙ্গে বিবাদে জড়ানোর পর চেলসি স্ট্রাইকারের ওপর এখন ভীষণ বিরক্ত স্পেন কোচ। ইউরো ২০১৬ বাছাইপর্বে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখায় এমনিতেই লুক্সেমবার্গের বিপক্ষে পরের ম্যাচটা খেলা হতো না কস্তার। ইউক্রেনের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাঁকে রাখতে পারতেন দেল বস্ক। কিন্তু দলে ঠাঁই দেননি স্পেন কোচ।
কস্তার বাদ পড়ার কারণ কি তাহলে আর্সেনালের ম্যাচে ওই অভব্য আচরণ? বিশ্বকাপ ও দুবারের ইউরোজয়ী কোচ অবশ্য সরাসরি সেটি বলেননি, তবে ইঙ্গিতে যা বুঝিয়েছেন তাতে তো মনে হচ্ছে আচরণগত সমস্যার একটি ভূমিকা আছে, ‘চেলসির হয়ে খেলার সময় পাওয়া নিষেধাজ্ঞার সঙ্গে এই সিদ্ধান্তের যোগসূত্র নেই। এর ওপর ভিত্তি করে আমরা দল নির্বাচনও করিনি। তবে সে যা করেছে সেটি আমি পছন্দ করিনি, অবশ্যই।’ কস্তা ছাড়াও চোটের কারণে লুক্সেমবার্গ ও ইউক্রেনের বিপক্ষে ইউরো বাছাইপর্বের দলে থাকছেন না আন্দ্রেস ইনিয়েস্তা। কস্তার বিকল্প জুভেন্টাসের আলভারো মোরাতা। এ ছাড়া ডাক পেয়েছেন এ মৌসুমে সেল্টা ভিগোর হয়ে দুর্দান্ত খেলা নলিতো, বায়ার্ন মিডফিল্ডার থিয়াগো আলকানতারা ও ভিয়ারিয়ালের ব্রুনো। ইউরো ২০১৬ চূড়ান্ত পর্বে যেতে আর একটি পয়েন্ট দরকার স্পেনের। বাছাইপর্বের পরের ম্যাচে ৯ অক্টোবর লুক্সেমবার্গের মুখোমুখি হবে স্পেন। তিন দিন পরই কিয়েভে ইউক্রেনের সঙ্গে ম্যাচ। ইএসপিএন।