কস্তার পাশে মরিনহো

ওগুলো কী নিছকই দুর্ঘটনা ছিল? কাল লিভারপুলের বিপক্ষে লিগ কাপের সেমির লড়াইয়ে ডিয়েগো কস্তা মাড়িয়ে দিলেন প্রতিপক্ষের দুই খেলোয়াড়-এমরে কান ও মার্টিন স্কার্টেলের শরীর তাহলে ইচ্ছা করে মাড়াননি! চেলসি কোচ হোসে মরিনহো অন্তত ব্যাপারটিকে এমনভাবেই দেখেন। খেলার মধ্যে কত কী হয়! এতো অার সাপ-লুডু নয়, ফুটবল খেলা, মাঝে-মধ্যে এমন হতেই পারে। তবে কস্তা এই কাণ্ড ইচ্ছে করে করেননি বলেই শক্ত অভিমত মরিনহোর। ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।
ঘটনার পর মাঠেই লিভারপুল খেলোয়াড়েরা প্রতিবাদ জানিয়েছিলেন। রেফারির কাছে এই ঘটনায় কস্তার লালকার্ডও দাবি করেছিলেন সবাই। কিন্তু রেফারি এ ব্যাপারে নিশ্চুপই থেকেছেন। তবে এমন-কাণ্ডে কস্তার লালকার্ড প্রাপ্য ছিল বলেই জোর দাবি লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের। কিন্তু মরিনহো বলছেন, ‘ওটা নিছক দুর্ঘটনা।’
এ ব্যাপারে স্কাই টেলিভিশনের ধারাভাষ্যকারদেরও একহাত নিয়েছেন মরিনহো। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মরিনহোর মন্তব্য, ‘ধারাভাষ্য শুনে নিশ্চয়ই এরই মধ্যে আপনারা একটা পক্ষ নিয়ে নিয়েছেন! আমার কথা হচ্ছে, কস্তার বিপক্ষে যা বলা হচ্ছে সবই ‘রঙ’ চড়ানো। ও অবশ্যই ব্যাপারটা ইচ্ছা করে ঘটায় নি। ধারাভাষ্যকাররা কেন ওটাকে “অপরাধ’’ বলছে, তা আমার জানা নেই।’
তবে মরিনহো যা-ই বলুন না কেন, বিষয়টি কস্তাবে সমস্যায় ফেলে ভোগাতেই পারে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন নাকি পুরো বিষয়টিই তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। দোষী প্রমাণিত হলে একটি-দুটি ম্যাচ মাঠের বাইরে কাটাতে হতে পারে ব্রাজিলে জন্ম নিয়ে স্পেনকে নিজের দেশ বানানো এই স্ট্রাইকার। সূত্র: রয়টার্স।