কস্তার পেছনে ফ্যাব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশংসার বেলায় তিনি যতটা উদার, সমালোচনাতে ততটাই ঠোঁটকাটা। দোষ-গুণ যা-ই হোক, এটাই হোসে মরিনহোর বিশেষত্ব। এবার অবশ্য কারও সমালোচনা নয়, প্রশংসাতেই পঞ্চমুখ হয়েছেন চেলসি কোচ। আর সেটা তাঁর দলেরই খেলোয়াড় সেস ফ্যাব্রিগাসের।
প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মের কারণে এই মুহূর্তে সবটুকু আলো ডিয়েগো কস্তার ওপরে। প্রায় ৪০ মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে চেলসিতে পাড়ি জমানো স্প্যানিশ স্ট্রাইকার প্রথম চার ম্যাচেই ৭ গোল করে গড়েছেন প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস। তবে কস্তাকে নিয়ে এই মাতামাতির মধ্যে মরিনহো ভুলে যাননি এই মৌসুমে চেলসিতে আরেক নবাগত ফ্যাব্রিগাসকে। কস্তার বেশির ভাগ গোলেরই নেপথ্য নায়ক তিনি। ৩৩ মিলিয়ন ইউরোতে এই মৌসুমে চেলসি যোগ দিয়ে কয়েক দিনের মধ্যেই হয়ে উঠেছেন দলের প্রাণভোমরা। লিগে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬টি গোল। স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে তাই দারুণ উচ্ছ্বসিত মরিনহো, ‘ফ্যাব্রিগাসের সঙ্গে খেলা যেকোনো স্ট্রাইকারের কাছে স্বপ্নের মতো ব্যাপার। এই ছেলেটা মাঠে নড়াচড়া, পাস সবকিছু বুঝতে পারে। ও মোটেই স্বার্থপর খেলোয়াড় নয়। আর সব সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারে।’
কোচের প্রশংসা হয়তো রিনিঝিনি হয়ে বাজছে ফ্যাব্রিগাসের কানেও। তবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চেলসি মিডফিল্ডার যেন বিনয়ের অবতার, ‘আমি শুধু আমার দায়িত্ব পালন করছি, এটুকুই।’ এএফপি।