কস্তার ব্যাপার গায়ে মাখেন না মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টটেনহ্যাম ম্যাচের সময় ডিয়েগো কস্তা। ছবি: এএফপি
টটেনহ্যাম ম্যাচের সময় ডিয়েগো কস্তা। ছবি: এএফপি

চেলসি কোচ হোসে মরিনহোর সঙ্গে ডিয়েগো কস্তার সাপে-নেউলে সম্পর্কের বিষয়টি এখন আর খুব বেশি রাখঢাকের বিষয় নয়। গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টানেলের মধ্যেই মরিনহোর সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কস্তা। গতকাল রোববার আবারও সকলের সামনে কস্তা প্রমাণ করলেন, এই সম্পর্ক কখনোই ঠিক হওয়ার নয়।

গতকাল রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে কস্তাকে মাঠেই নামাননি মরিনহো। ব্যাপারটা যেন কিছুতেই মেনে নিতে পারেননি ব্রাজিলের জন্ম নেওয়া এই ‘স্প্যানিশ’ ফুটবলার। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে গায়ে পরা ‘বিব’ ক্ষোভের সঙ্গে ডাগ আউটের দিকে ছুড়ে দিয়ে তিনি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

ব্যাপারটা নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন মরিনহো। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, কস্তার সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই, কোনো ব্যক্তিগত রেষারেষি নেই। বিব ছুড়ে মারার বিষয়টিও খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন এই পর্তুগিজ কোচ, ‘কোনো খেলোয়াড় যদি প্রথম একাদশে সুযোগ না পায়, তাহলে তাঁর মনে হতাশার জন্ম হওয়াটা খুবই স্বাভাবিক। সে নিশ্চয়ই দলে সুযোগ না পেয়ে গ্যালারিতে গিয়ে নাচানাচি করবে না। আর একটা বিব গায়ে লেগে কেউ খুন হয়েছে, এমন খবর কী আপনারা কখনো পেয়েছেন? সূত্র: এএফপি।