কস্তার স্বস্তির গোল

ক্লাবের হয়ে মুড়িমুড়কির মতো গোল করছেন গত মৌসুম থেকেই। অ্যাটলেটিকোর হয়ে ২৭ গোল করেছিলেন লা লিগায়। এই মৌসুমেও চেলসির হয়ে প্রথম ৭ ম্যাচে করে ফেলেছেন ৯ গোল। অথচ স্পেনের জার্সি গায়ে চড়িয়ে ডিয়েগো কস্তা গোল পাচ্ছিলেন না কিছুতেই।
লুক্সেমবার্গের সঙ্গে প্রথমার্ধেও মনে হচ্ছিল ভূতটা তাঁকে ছাড়েনি। নইলে গোলরক্ষককে একা পেয়েও অমনভাবে বাইরে মারবেন কেন ব্রাজিলকে ছেড়ে স্পেনকে বেছে নেওয়া স্ট্রাইকার? বিরতির সময় দেল বস্ক ফাঁড়া কাটানোর জন্য হয়তো কোনো তুকতাক করেছিলেন। অবশেষে ৬৯ মিনিটে এল স্বস্তির সেই মুহূর্ত। সপ্তম ম্যাচে এসে, ৫১২ মিনিট পর দেশের হয়ে নিজের প্রথম গোল পেলেন চেলসির স্প্যানিশ স্ট্রাইকার।
সেই বিশ্বকাপ থেকে শুরু। কেন যেন স্পেনের হয়ে মাঠে নামলেই খেই হারিয়ে ফেলছিলেন। নিজের ওপর আত্মবিশ্বাসও কি খানিকটা হারিয়ে ফেলছিলেন? কস্তা পরশু ম্যাচ শেষে স্বীকার করলেন, ‘সত্যিটা হচ্ছে ব্যাপারটা আমাকে বেশ উদ্বিগ্ন করে তুলেছিল। আমি গোল করতে পারছি না, এটাই তো অসহনীয়। তার ওপর দলও হেরে গেছে। কীভাবে গোল করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু সৌভাগ্যক্রমে বলটা আমার পায়েই এসে পড়ে, সেটা শুধু ঢুকিয়ে দিতে হয়েছে আমাকে।’
এমনিতে লুক্সেমবার্গের সঙ্গে ৪-০ গোলের জয়টা খুবই প্রত্যাশিত। র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বর দলের সঙ্গে ইউরো চ্যাম্পিয়নরা বড় জয় না পেলে সেটাই হতো বিস্ময়ের। কিন্তু স্লোভাকিয়ার কাছে আগের ম্যাচটা হেরে যাওয়ায় ভিসেন্তে দেল বস্ক একটু চাপেই ছিলেন। দলের মূল স্ট্রাইকার গোল পাচ্ছেন না, ব্যাপারটা উদ্বেগের। কস্তা গোল পাওয়ায় দেল বস্কও পেয়েছেন স্বস্তি, ‘আমরা বুঝতে পারছিলাম ও (কস্তা) একটু স্নায়ুচাপে ভুগছিল, সমাধানটা খুঁজে পাচ্ছিল না। বিরতির সময় ওকে বলেছিলাম এটা নিয়ে বেশি মাথা না ঘামাতে। কিন্তু আপনি যখন খাটবেন, কোনো কিছু নিবিড়ভাবে চাইবেন, সেটা আপনি পেয়ে যাবেনই। ওর জন্য আমরা সবাই খুশি, আমরা সবাই চেয়েছিলাম সে গোল করুক। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ।’ কস্তাও তাঁর ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন কোচকে। স্পেনের হয়ে অন্য তিনটি গোল করেছেন ডেভিড সিলভা, পাকো আলকাসার ও হুয়ান বারনাত।
আরেকজনও দেল বস্ককে ধন্যবাদ জানাবেন। ডেভিড ডি গিয়া যে পরশুই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে পুরো ৯০ মিনিট স্পেনের গোলপোস্ট আগলেছেন। একই সঙ্গে কি ইকার ক্যাসিয়াস যুগেরও শেষ হয়ে গেল? স্পেনের হয়ে ১২ বছর খেলে যাওয়ার পর এদিনই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে বসে থাকলেন ক্যাসিয়াস। দেল বস্ক অবশ্য আভাস দিয়েছেন, ইউরো বাছাইয়ে দুই গোলরক্ষকই ভাগাভাগি করে নেবেন দায়িত্বটা।
এস্তোনিয়ার সঙ্গে ইংল্যান্ডের প্রত্যাশিত জয়ের ব্যবধানটা অবশ্য প্রত্যাশিত নয়। ফ্রি-কিক থেকে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনি। ববি চার্লটনের রেকর্ড ৪৯ গোল ছুঁতে আর ছয়টি গোল দরকার ইংলিশ স্ট্রাইকারের। এএফপি, ইএসপিএন।
এক নজরে ফল
লুক্সেমবার্গ ০ : ৪ স্পেন
এস্তোনিয়া ০ : ১ ইংল্যান্ড
রাশিয়া ১ : ১ মলদোভা
অস্ট্রিয়া ১ : ০ মন্টেনেগ্রো
ইউক্রেন ১ : ০ ম্যাসিডোনিয়া
বেলারুশ ১ : ৩ স্লোভাকিয়া
লিথুয়ানিয়া ০ : ২ স্লোভেনিয়া
সুইডেন ২ : ০ লিখটেনস্টেইন
* আগে স্বাগতিক দেশ