প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা একদমই ভালো যাচ্ছে না। গোল পাচ্ছেন না, একের পর এক ঝামেলায় বাধাচ্ছেন। তবে আর যার সঙ্গেই ঝামেলায় জড়ান, কোচের সঙ্গে সেটি হওয়াটা তো মঙ্গলজনক নয়! চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা সেই ভুলটাই করে বসেছিলেন। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন হোসে মরিনহো। কারণ রেগেমেগে কস্তা জার্সির ওপরের অংশটা ছুড়ে মেরেছিলেন কোচের সামনে। পরশু এই ‘কৃতকর্মের’ জন্য তাই ক্ষমা চেয়ে নিয়েছেন কোচের কাছে। দাবি করেছেন, মরিনহো ওই ব্যাপারটা একদমই মন থেকে মুছে ফেলেছেন। কিন্তু পরশুই আবার নতুন করে কোচকে চটানোর ক্ষেত্র প্রস্তুত করেছেন। পোর্তো গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পা দিয়ে মাড়িয়ে দিয়েছেন। রিপ্লে দেখে মনে হয়েছে, ব্যাপারটা ইচ্ছাকৃত। যদিও কস্তা দাবি করেছেন, ব্যাপারটা ‘রসিকতাই’। কিন্তু আর কত দিন এ রকম ‘রসিকতা’ করে যাবেন? গোলডটকম।