প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিনসন কাভানির ঘুষিতে জোর ছিল না মোটেই। মেরেছিলেনও অ্যারন রামসের বুকে। কিন্তু আর্সেনাল মিডফিল্ডার থুতনি চেপে ধরে ভাব করলেন, যেন ফেটেই গেছে থুতনিটা! ‘অভিনয়’ হলো কাঁচা, সে জন্য দুই ইংল্যান্ড কিংবদন্তি স্টিভেন জেরার্ড ও রিও ফার্ডিনান্ডের খোঁচাও শুনতে হলো এই ওয়েলশ মিডফিল্ডারকে। ঘটনাটা গত পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল-পিএসজি ম্যাচে। ২-২ গোলে ড্র ম্যাচের একপর্যায়ে রামসে ধাক্কা দেন কাভানিকে, জবাবে পিএসজি স্ট্রাইকার মারেন ‘আলতো’ ঘুষি। এরপরই রামসের অভিনয়। যা দেখে জেরার্ড বলেছেন, ‘আমার মনে হয় না অমন প্রতিক্রিয়ার দরকার ছিল। ওয়েলশদের তো আরও শক্ত হওয়ার কথা।’ ফার্ডিনান্ডও ছেড়ে কথা বলেননি, ‘কোনো বিদেশি খেলোয়াড় এমন করলে আমরা এতক্ষণে পাগল হয়ে যেতাম।’