কাঁদছে ফুটবল-বিশ্বও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাপেকোয়েনসের অ্যারেনা কোন্দা স্টেডিয়াম। এর গ্যালারিতে বসে, দাঁড়িয়ে, চিৎকার করে কত দিন দলকে উজ্জীবিত করেছে এই ছেলেটি! দলের সাফল্যে ভেসেছে আনন্দে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় পুরো শাপেকোয়েনস দলটাই হারিয়ে গেছে পরশু। কাল সেই গ্যালারিতে একা বসে প্রিয় দলকে শ্রদ্ধা জানাল সে l এএফপি
শাপেকোয়েনসের অ্যারেনা কোন্দা স্টেডিয়াম। এর গ্যালারিতে বসে, দাঁড়িয়ে, চিৎকার করে কত দিন দলকে উজ্জীবিত করেছে এই ছেলেটি! দলের সাফল্যে ভেসেছে আনন্দে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় পুরো শাপেকোয়েনস দলটাই হারিয়ে গেছে পরশু। কাল সেই গ্যালারিতে একা বসে প্রিয় দলকে শ্রদ্ধা জানাল সে l এএফপি

২০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটার সামনে সপ্তাহ খানেক আগেও ঠিক এমনই জনারণ্য ছিল। সেদিনও তাঁদের অনেকের গায়ে ছিল ভালোবাসার এই সবুজ জার্সি, হাতে ছিল প্রিয় খেলোয়াড়দের পোস্টার। সেদিন তাঁরা হাসছিলেন, গলা ফাটিয়ে চিৎকার করছিলেন। আতশবাজির রোশনাইয়ে আলোকিত হয়ে উঠেছিল পুরো শহর। সান লরেঞ্জোকে হারিয়ে সেদিন কোপা সুদামেরিকানার ফাইনালে উঠেছিল এ শহরেরই ক্লাব শাপেকোয়েনস।
শাপেকো শহরের সেই অ্যারেনা কোন্দার সামনে পরশুও একই রকম জনারণ্য। প্রায় সবার গায়ে সেই সবুজ জার্সি, হাতেও সেই প্রিয় খেলোয়াড়দের পোস্টার। শুধু সেই উচ্ছ্বাস নেই, আতশবাজি নেই। তার বদলে আছে কান্না। কারও চোখ থেকে নিভৃতে গড়িয়ে পড়ছে অশ্রু, কেউ কাঁদছেন চিৎকার করে!
পুরো শহরকে আনন্দের বন্যায় ভাসিয়ে যে ফুটবল দলটা কোপা সুদামেরিকানার ফাইনালে উঠেছিল, তারাই ফাইনাল খেলতে যাওয়ার পথে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় চলে গেছে না-ফেরার দেশে! যে দুর্ঘটনা শুধু শাপেকো শহর বা ব্রাজিল নয়, নাড়িয়ে দিয়েছে পুরো ফুটবল-বিশ্বকে। শাপেকোর সঙ্গে কাঁদছে গোটা ফুটবল-বিশ্বই।
মাত্র ছয় বছর আগেও যারা ব্রাজিলের চতুর্থ বিভাগে খেলত সেই দলটা এই মৌসুমে রূপকথা লিখে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় প্রধান ক্লাব টুর্নামেন্টের ফাইনালে উঠে এসেছিল। এমন একটা দলের এভাবে হারিয়ে যাওয়া মেনে নিতে পারছেন না শহরের কেউই। ছোট শহর বলে এই ফুটবল ক্লাবটাই শহরবাসীর একটা বড় পরিচয়ও। অ্যারেনা কোন্দায় শোক জানাতে আসা এক তরুণ বললেন, ‘আমি ও আমার মতো অনেকেই এই ক্লাবের সঙ্গে বেড়ে উঠেছি। ওরা শুধু খেলোয়াড় ছিল না, ছিল আমাদের বন্ধু। এদের অনেকের পরিবার আমাদের প্রতিবেশী। মনে হচ্ছে যেন আমার অস্তিত্বের একটা অংশই চলে গেছে।’
পরশু দুর্ঘটনার সংবাদটা আসার পরই বন্ধ হয়ে গেছে শহরের সব দোকানপাট, স্কুল। আসছে বড়দিনের উৎসব স্থগিত করেছেন শহরের মেয়র, ঘোষণা করা হয়েছে ৩০ দিনব্যাপী শোক। শাপেকো শহরের এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল ও পুরো ব্রাজিলকেই। শাপেকোয়েনসের সবুজ জার্সির প্রতি সম্মান জানিয়ে রিও ডি জেনিরোতে ক্রাইস্ট দ্য রিডিমারে জ্বালানো হয়েছে সবুজ বাতি। ব্রাজিলের করিন্থিয়ানস ক্লাব একসময় সবুজ ঘাসের বদলে অন্য রঙের ঘাস লাগাতে চেয়েছিল নিজেদের মাঠে, কারণ তাঁদের চিরশত্রু পালমেইরাস সবুজ জার্সি পরে খেলে। সেই করিন্থিয়ানসও তাদের স্টেডিয়ামে সবুজ বাতি জ্বালিয়েছে শাপেকোয়েনসের প্রতি সহমর্মিতা জানিয়ে। ব্রাজিলের বড় ক্লাবগুলো দেশটির ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, আগামী কয়েক মৌসুমের জন্য তারা শাপেকোয়েনসকে বিনা মূল্যে খেলোয়াড় ধার দিতে চায়। শাপেকোয়েনসকে যেন আগামী তিন মৌসুম অবনমনে যেতে না হয়, সেই নিয়ম করে দেওয়ারও অনুরোধ করেছে অন্য ক্লাবগুলো।
দেশ, ক্লাব ছাপিয়ে এ শোক যেন ফুটবলের সবার। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দুই দলই পরশু তাদের অনুশীলন শুরু করেছে শাপেকোয়েনস ক্লাবের সম্মানে নীরবতা পালন করে। ইংলিশ লিগ কাপে লিডসের বিপক্ষে ম্যাচের আগে লিভারপুল তাদের বিখ্যাত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানটা গেয়েছে শাপেকোয়েনসের প্রতি সহমর্মিতা জানিয়ে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেও জ্বালানো হয়েছে সবুজ বাতি।
যে ক্লাবের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনালটা খেলার কথা ছিল শাপেকোয়েনসের, কলম্বিয়ার সেই অ্যাটলেটিকো ন্যাসিওনাল আগের দিনই কনমেবল কর্তৃপক্ষকে অনুরোধ করেছে এবারের শিরোপাটা শাপেকোয়েনসকে দিয়ে দিতে। কনমেবল অবশ্য এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি। না জানালেই বা কী! বিষয়টা এখন একেবারেই গৌণ হয়ে গেছে।
শাপেকোয়েনস যে এরই মধ্যে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ের চ্যাম্পিয়ন হয়ে গেছে! তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।