কাঁপতে কাঁপতে ড্র করল বসুন্ধরা

আজ কোনো গোল করতে পারেনি বসুন্ধরা।ছবি: এএফসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়ে এএফসি কাপে শুভ সূচনা করেছিল বসুন্ধরা কিংস। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরু এএফসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছেন বাংলাদেশের প্রতিনিধিরা। এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বসুন্ধরা। ২৪ তারিখ শেষ ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে তাদের কী করতে হবে, সেটি আজ রাতে অন্য ম্যাচের পর পরিষ্কার হয়ে যাবে।

প্রথমার্ধে দুই দলের লড়াইয়ে ছিল সমতা। কিন্তু দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেছে বেঙ্গালুরু। বসুন্ধরার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক আনিসুর রহমান। তপু বর্মণ, খালিদ শাফিহ, বিশ্বনাথ ঘোষ ও তারিক রায়হান কাজীদের নিয়ে গড়া রক্ষণভাগও বড় ঝড় সামলেছেন দক্ষতার সঙ্গে। আক্রমণে বসুন্ধরার আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরাকে আজ খুঁজেই পাওয়া যায়নি। বল দখলে না রাখতে পারায় পুরো দলকে ভুগতে হয়েছে। শেষ ২৫ মিনিট প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বসুন্ধরা। কখনো গোলকিপার, কখনো ভাগ্য বসুন্ধরাকে বাঁচিয়ে দিয়েছে।

প্রথমার্ধে ভালো খেলেছেন রবসন
ছবি: এএফসি

ঘরোয়া ফুটবলে যেভাবে প্রতিপক্ষের ওপর ‘হাই প্রেসিং’ ও আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা, এএফসি কাপের মহাদেশীয় ফুটবলে গিয়ে সেটি বদলে ফেলেছে তারা। প্রতিপক্ষকে নিজের অর্ধে খেলার সুযোগ দিয়ে প্রতি–আক্রমণনির্ভর ফুটবল বেছে নিয়েছেন অস্কার ব্রুজোন। স্বাভাবিকভাবে এই কৌশলেও তাঁর পরিকল্পনার অংশজুড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দা সিলভা। জোনাথন, মাসুক মিয়াদের পায়ে বল গেলেই পাসের প্রথম পছন্দ রবসন।

আগের ম্যাচে মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ২-০ গোলের জয়ে রবসন দুর্দান্ত ফুটবল খেলায় আজ তাঁকে বোতলবন্দী করার কৌশল নিয়েছিলেন বেঙ্গালুরুর জার্মান কোচ। অ্যাটাকিং থার্ডে রবসনের পায়ে বল যাওয়া মানেই তাঁকে প্রতিপক্ষ দুজন ঘিরে ধরেছেন। রবসন বল নিয়ে দৌড়ালে তাঁর পেছনে প্রতিপক্ষ কয়েকজনকে দেখা গিয়েছে। ২১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ড্রিফট করে ভেতরের দিকে ঢুকে পড়েছিলেন রবসন। তাঁকে ফেলে দেওয়া হলে বক্সের ঠিক বাইরে ভালো জায়গায় ফ্রি কিক পায় বসুন্ধরা। শটটিও নিয়েছিলেন রবসন। সেটি মানবদেয়ালে লেগে ফিরে আসে।

এক নজরে বসুন্ধরা-বেঙ্গালুরু ম্যাচ
ছবি: এএফসি

রবসন যদি হন বসুন্ধরার আক্রমণভাগের প্রাণভোমরা, মাঝমাঠের মেরুদণ্ড আরেক ব্রাজিলিয়ান জোনাথন। রক্ষণভাগকে তো ছায়া দিয়েছেনই। প্রায় প্রতিটি আক্রমণই শুরু হয়েছে তাঁর পায়ে। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে আচমকা বুলেট গতির শট নিয়েছিলেন জোনাথন। ফিস্ট করে বিপন্মুক্ত করেছেন গোলকিপার গুরপ্রীত সিং।

৫৫ মিনিটে বিপলু-রবসন রসায়নে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বসুন্ধরার। বিপলুর পাস থেকে বক্সের মধ্যে রবসনের শট গোলকিপার গুরপ্রীতের পায়ে লেগে বক্সে ঢোকার সময় গোললাইন থেকে সেভ করেন এক ডিফেন্ডার। ফিরতি বলও পোস্টের মধ্যে ঢুকছিল। তখন সেভ করেন গুরপ্রীত। এরপর থেকে বেঙ্গালুরুই ছড়ি ঘুরিয়েছে। ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেন সুনীল, ক্লেইটন সিলভারা। ৬১ মিনিটে সুনীলের হেড পোস্টে ঘেঁষে বাইরে চলে যায়।

ছেত্রীর হেড পোস্ট ঘেষে গিয়েছিল
ছবি: এএফসি

৭০ মিনিটের পর থেকে বসুন্ধরার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। বিশেষ করে ৭৩ থেকে ৭৪ মিনিট। প্রথমে সুনীলের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়েছেন গোলরক্ষক আনিসুর। পরক্ষণেই সিলভার হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। ৭৪ মিনিটে তো বসুন্ধরার সমর্থকদের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার কথা। সিলভার কর্নার থেকে এলান হেনরিকের হেড ক্রসবারে লেগে ভেতরে পড়ে। ভিডিও রিপ্লে দেখে সেটা গোললাইনের ভেতরে ছিল বলেই মনে হয়েছে।। কিন্তু ভিএআর, গোললাইন প্রযুক্তি বা গোললাইন রেফারি না থাকায়, এ নিয়ে জোরালো আবেদনের সুযোগ ছিল না বেঙ্গালুরুর। ৮২ মিনিটে জয়েশ রানার শট দারুণ সেভ করেছেন আনিসুর।