কাইজারের 'ভুল' স্বীকার

কদিন আগেই দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, জার্মানি বিশ্বকাপ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই। কিন্তু কালই সুরটা নরম করে ফেললেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। স্বীকার করলেন, বিশ্বকাপের জন্য আয়োজক হওয়ার প্রক্রিয়ায় জার্মানি ‘ভুল’ করেছে। তবে ভোট কেনাবেচার অভিযোগটা এবারও উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে জার্মানির সর্বোচ্চ ক্রীড়া প্রতিষ্ঠান বুন্দেসটাগের আশঙ্কা, ভবিষ্যতে জার্মানিতে কোনো ক্রীড়া আসর আয়োজনে এই কেলেঙ্কারি বড় একটা ধাক্কাই দিল।
বোমাটা ফাটিয়েছিল জার্মান দৈনিক ডার স্পিজেল। ২০০৬ বিশ্বকাপে জার্মানি ভোট কিনেই আয়োজক হওয়ার দৌড়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, দাবি করেছে তারা। পরে জার্মান ফুটবল ফেডারেশনও স্বীকার করেছে, ২০০৫ সালে তারা ফিফাকে ৬৭ লাখ ডলার দিয়েছে। তবে তাদের দাবি, সেটা ভোট কেনার জন্য নয়, বরং আগের একটা ঋণ শোধের জন্য। বেকেনবাওয়ারও তখন দৃঢ় স্বরে বলেছিলেন, এই লেনদেনে কোনো রকম অস্বচ্ছতা নেই।
কিন্তু কালই আবার বেকেনবাওয়ার উল্টো সুরে বললেন, ‘বিশ্বকাপের আয়োজক হিসেবে ফিফার কাছ থেকে ভর্তুকি পাওয়ার জন্য আমরা ওই সময় ফিফার আর্থিক কমিটির একটা প্রস্তাব গ্রহণ করেছিলাম। এখন মনে হচ্ছে সেই প্রস্তাব গ্রহণ করা ঠিক হয়নি। সাংগঠনিক কমিটির সভাপতি হিসেবে আমি ওই ভুলের সব দায়িত্ব নিচ্ছি।’ তবে ‘কাইজার’ মনে করিয়ে দিয়েছেন, ‘২০০৬ বিশ্বকাপ আয়োজন পাওয়ার জন্য কোনো ভোট কেনা হয়নি।’ কিন্তু প্রস্তাবটা কী ছিল? বেকেনবাওয়ার সেটা পরিষ্কার করে বলেননি।
এর মধ্যেই ফিফার নৈতিকতা কমিটি বেকেনবাওয়ারের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। জার্মান কিংবদন্তি জানিয়েছেন, গত পরশু তাঁকে কমিটির মুখোমুখি হতে হয়েছে। মিশেল প্লাতিনির অবর্তমানে এর মধ্যেই বেকেনবাওয়ার ২০১৮ বিশ্বকাপের সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।
২০০৬ বিশ্বকাপের পর থেকে জার্মানিতে বড় কোনো বৈশ্বিক ক্রীড়ার আসর হয়নি। বুন্দেসস্টাগ সভাপতি ডাগমার ফ্রেইটিগ আশঙ্কা করছেন, বিশ্বকাপ কেলেঙ্কারির পর জার্মানি বড় কোনো আসর আয়োজনের অধিকার হারাতে পারে। এর মধ্যেই হামবুর্গ ২০২৪ অলিম্পিক আয়োজনের জন্য প্রার্থিতার ঘোষণা দিয়েছে। এএফপি।