কাউকেই ভয় পায় না জুভেন্টাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন গ্রুপ কেমন হলো? চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের পর এ প্রশ্নটা সব সময়ই ওঠে। পরশুও উঠল। প্রতিপক্ষকে নিয়ে হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে অনেক দল, ছক আঁকতে শুরু করেছে গ্রুপ পেরোনোর। তবে এর মধ্যে সবচেয়ে নির্ভার সম্ভবত প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া ‘পুঁচকে’ আস্তানা। মাত্র ৬ বছর বয়সী কাজাখস্তানের ক্লাবটি এবার খেলবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতায়। বেনফিকা, অ্যাটলেটিকো মাদ্রিদ, গ্যালাতাসারাইকে নিয়ে গড়া গ্রুপ থেকে খুব বড় কিছু আশা করা যে বাড়াবাড়ি সেটা জানেন বলেই আস্তানার কোচ স্তানিমির স্তয়লভ বলেছেন, ‘আমরা এই পর্যায়ে খেলার জন্য এখনো তৈরি নই। কিন্তু স্বপ্ন দেখতে তো সমস্যা নেই। আশা করছি অভিজ্ঞতা উপভোগ করব।’
আস্তানার জন্য এটা শুধু অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হতে পারে, ইউরোপের বড় ক্লাবগুলোর জন্য এটা শ্রেষ্ঠত্বের লড়াই। সেই লড়াইয়ে চ্যাম্পিয়নস লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ এবার গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজি, শাখতার দোনেৎস্ক ও মালমোকে। গ্রুপটা বেশ কঠিনই মনে করছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো, ‘বরাবরের মতোই আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপ পর্বটা কঠিন হবে এটা আমরা জানি। আমরা চেষ্টা করব সেটা পেরিয়ে যাওয়ার এবং শিরোপা জেতার।’ পিএসজি কোচ লরাঁ ব্লাঁর মতে, ‘গ্রুপে রিয়াল আর আমরাই ফেবারিট।’
সর্বশেষ চার মৌসুমে তৃতীয়বারের মতো বায়ার্ন মিউনিখকে পাচ্ছে আর্সেনাল। ‘এফ’ গ্রুপে এই দুই দলের সঙ্গী অলিম্পিয়াকোস ও ডায়নামো জাগরেব। চেনা প্রতিপক্ষ পেয়ে বরং কিছুটা খুশি বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার জেরোম বোয়াটেং, ‘এটা আরও খারাপ হতে পারত। আর্সেনালের সঙ্গে আমরা আগেও অনেকবার খেলেছি, সুতরাং ড্রয়ে আমরা সন্তুষ্ট।’
গতবারের ফাইনালিস্ট জুভেন্টাসের সঙ্গে ইউরোপা লিগজয়ী সেভিয়া, সঙ্গে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও জার্মানির বরুসিয়া মনশেনগ্লাডবাখের গ্রুপ ‘ডি’-কে এবার মৃত্যুকূপ বলছেন অনেকেই। তবে জুভেন্টাসের প্রধান নির্বাহী জিউসেপ্পে মারোত্তা মোটেও চিন্তিত নন গ্রুপ নিয়ে, ‘আমরা জুভেন্টাস। আমরা কাউকে ভয় পাই না।’ ম্যান সিটির ফুটবল পরিচালক ব্রায়ান মারউডও আত্মবিশ্বাসী, ‘সর্বশেষ চার মৌসুমেই আমরা কঠিন গ্রুপে খেলেছি। এটা আমাদের জন্য নতুন কিছু নয়।’
চ্যাম্পিয়ন লিগ যুগে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে এবার বার্সেলোনা গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে বেয়ার লেভারকুসেন, রোমা ও বাতে বরিসভকে। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বেশ নির্ভার, ‘ভালো গ্রুপ পেয়েছি। সমর্থকদের জন্য উপভোগ্য হবে গ্রুপটা।’
এক বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে তুলনামূলক সহজ গ্রুপই পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পিএসভি আইন্দহফেন, সিএসকে মস্কো ও ভলফ্সবুর্গ। তবে ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার মরগান স্নেইডারলিন কোনো প্রতিপক্ষকেই সহজ মনে করেন না, ‘আমরা বার্সেলোনা ও বায়ার্নের মতো দলগুলোকে এড়াতে পেরেছি। অবশ্যই গ্রুপটা আরও কঠিন হতে পারত, কিন্তু এখন যাদের পেয়েছি তারাও খুব ভালো।’ এএফপি, রয়টার্স।