কাউবয় শরাফত

মাথায় কাউবয়দের মতো বাঁকানো টুপি। পরনে গোলাপি-সাদা দোরঙা পোলো শার্ট আর জিন্স। শুধু কোমরে হোলস্টার কিংবা পিস্তল নেই। হাতে পিস্তল না থাকলেও মাইক্রোফোনটা অবশ্য ছিল। চৌধুরী জাফরুল্লাহ শরাফত আজ যেন দেখা দিলেন কাউবয় বেশেই।
আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এএফসি ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচের শুরুতে এ বেশেই টিভি দর্শকদের স্বাগত জানালেন এই ধারা ভাষ্যকার। বিচিত্র সব উপমা, অন্তহীন বিশেষণ, নিজের উদ্ভাবন করা খেলার বিভিন্ন টার্ম বা শব্দবন্দ কিংবা তাঁর নামে-বেনামে প্রচলিত বেশ কিছু সংলাপের জন্যই শুধু নয়; শরাফত পরিচিত বিচিত্র ফ্যাশন-বোধের কারণেও। রংবাহারি রোদচশমার প্রতি তাঁর দুর্বলতাও অজানা নয়। এই ফ্যাশনে আজ ‘বাড়তি মাত্রা’ যেন যোগ করলেন কাউবয় টুপি চাপিয়ে।
শরাফত জানালেন, ১৯৮৫ সাল থেকে ধারাভাষ্য শুরু করলেও আজই প্রথম কাউবয় হ্যাট পরলেন। গত ক্রিকেট বিশ্বকাপে মেলবোর্ন থেকে এই হ্যাটটি কিনেছেন বলে জানালেন। সেখানে গিয়ে দেখেছেন, কাউবয় হ্যাট অস্ট্রেলীয়দের খুব পছন্দের। নিজেও তাই একটি হ্যাট কিনে ফেলেছেন পাকিস্তানের রমিজ রাজার কাছ থেকে ঠিকানা জেনে নিয়ে। রংচঙে পোশাক কিংবা রোদচশমার ব্যাপারে জানালেন, ‘আমি সব সময় কালারফুল থাকতেই পছন্দ করি।’
শরাফতের ভক্ত যেমন আছে, আছে সমালোচকও। তবে দুই পক্ষই স্বীকার করেন, তাঁর ধারাভাষ্য বেশ উপভোগ্য হয়। ‘মজা’ লাগে। হিট থ্রু দ্য লাইন, ইন ফ্রন্ট অব দ্য ব্যাট, ইন ফ্রন্ট অব দ্য প্যাড... এসব তো তাঁর স্বীকৃত উদ্ভাবনই। তবে শরাফতের নামে প্রচলিত আছে আরও অনেক কথা। যেগুলোর কোনটি কোনটি শরাফত আসলেই বলেছেন, আর কোনটি না বলার পরও তাঁর নামে ‘বিখ্যাত’ হয়ে গেছে; সেটি বেছে নেওয়া এখন বেশ কঠিন।
এর মধ্যে সবচেয়ে প্রচলিত আর জনপ্রিয় দুটি কথা হলো ‘কর্দমাক্ত আকাশ ও মেঘলা মাঠ’ এবং ‘মাঠ বলের বাইরে’। শরাফত অবশ্য দাবি করেন, তিনি নন, অন্য আরেক সতীর্থ ভাষ্যকার বলেছিলেন এই কথা। শরাফতের নামে ভারচুয়াল দুনিয়ায় প্রচলিত অন্যান্য সংলাপগুলোর মধ্যে আছে: ‘ব্যাটসম্যান সজোরে ব্যাট চালালেন, ছক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বোল্ড।’ ‘মোহাম্মদ আশরাফুল, সুন্দর একটি শট এবং আউট’, ‘স্কয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে’, ‘বোলারস ব্যাক ড্রাইভ, কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে’, ‘এবার কিন্তু ব্যাটসম্যান সজোরে স্টিয়ার করলেন।’