কাকা আছেন দুঙ্গার দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। তাতে ভেনেজুয়েলার সঙ্গে দ্বিতীয় ম্যাচটিতে শেষ ১৫ মিনিটই শুধু মাঠে ছিলেন কাকা। এটুকুই যথেষ্ট হলো দলে জায়গা ধরে রাখতে। মার্চের শেষ সপ্তাহে উরুগুয়ে ও প্যারাগুয়ের সঙ্গে ম্যাচ দুটির জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন এমএলএসের অরল্যান্ডো সিটি মিডফিল্ডার।
২৫ মার্চ ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে খেলার চার দিন পর প্যারাগুয়ে যাবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীলদের মিলিয়েই ঘোষিত ২৩ সদস্যের দলে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা ডেকেছেন কাকাকে। ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে দলে ফিরে এসেছেন লিভারপুল মিডফিল্ডার ফিলিপে কুতিনহো ও জুভেন্টাস লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রো। এই তিনজনের বাইরে চমক গত মাসেই চীনের ক্লাবে যোগ দেওয়া দুই খেলোয়াড় রেনাতো অগুস্তো ও গিলের ডাক পাওয়া। এই দুজনের জন্য দুঙ্গার শর্ত, চীনা লিগে ‘অতি-অসাধারণ’ কিছু করতে হবে।
দুঙ্গা অবশ্য দলকে নিয়ে উদ্বিগ্ন নন। নেইমার আছেন না! বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে নেইমারবিহীন ব্রাজিল প্রথম ম্যাচে চিলির কাছে হেরেছিল, অন্য ম্যাচটি অবশ্য জিতেছে। বার্সা ফরোয়ার্ড দলে আসার পর দুই ম্যাচ থেকে এসেছে ৪ পয়েন্ট, জয় ও ড্র থেকে। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় তিনে উঠে এসেছে দুঙ্গার দল। এখান থেকে বাকি পথটা টেনে নিতে নেইমারের কাঁধে বড় দায়িত্বই চাপাচ্ছেন ব্রাজিল কোচ, ‘ওর দায়িত্ব? পেলে, জিকো, ফ্যালকাওদের মতো!’
মাঠে কতটা কী করতে পারবেন নেইমার, সেটি সময় বলবে। তবে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য বার্সা ফরোয়ার্ডকে মাঠের বাইরে কর-সংক্রান্ত সব মামলা মাথা থেকে ঝেড়ে ফেলার পরামর্শ দিচ্ছেন দুঙ্গা, ‘আমি শুধু একটা জিনিসই জানি, সেলেসাও দলে যখন ও খেলতে আসে, সমস্যা থাকে। নাক গলাতে চাই না। আমি শুধু চাই খেলোয়াড়েরা সব ঝামেলা ঝেড়েই এখানে আসুক।’ ইএসপিএন।