কাকা বাদ, উপেক্ষিত সিলভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে জায়গা পাকা করতে পারলেন না কাকা। অক্টোবরে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল দলে জায়গা হয়নি তিনটি বিশ্বকাপ খেলা মিডফিল্ডারের। গত পরশু ব্রাজিল কোচ দুঙ্গার ঘোষিত দলে জায়গা হয়নি প্যারিস সেন্ট-জার্মেই ডিফেন্ডার থিয়াগো সিলভারও।
এই মাসের শুরুতে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের ব্রাজিল দলে ছিলেন কাকা। বিশ্বকাপ বাছাইপর্বের দলে থাকারও আশা হয়তো করেছিলেন। সেটা আর হলো কই! ধারণা করা হচ্ছে, চোটের কারণেই বাদ পড়েছেন সাবেক এসি মিলান ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। গত রোববার মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির হয়ে চোটের কারণেই খেলা হয়নি কাকার। চোট খুব গুরুতর নয় বলে জানা গেলেও দুঙ্গা ঝুঁকি নেননি।
সিলভার ডাক না পাওয়াটাই বড় চমক। পিএসজিতে ডেভিড লুইজের সঙ্গে জুটি বেঁধে এ মৌসুমে ফ্রেঞ্চ লিগে পাঁচ ম্যাচের চারটিতেই নিজেদের জাল অক্ষত রেখেছেন সিলভা। লুইজ ডাক পেয়েছেন, কিন্তু সিলভার জায়গা হলো না!
বাদ পড়াদের জন্য সান্ত্বনার বাণীও আছে দুঙ্গার, ‘আমরা সর্বশেষ বাছাইপর্বে ৫৫ জন খেলোয়াড় ব্যবহার করেছি। অনেক লম্বা পথ এটা। প্রথমবার যারা ডাক পাচ্ছে না তাদের বলব প্রস্তুত থাকতে, তাদেরও সুযোগ আসবে।’
নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক নেইমার নেই। আক্রমণে দুঙ্গার ভরসা তাই চেলসির অস্কার এবং দুই লিভারপুল খেলোয়াড় কুটিনহো ও ফিরমিনো। আর করিন্থিয়ানসকে ব্রাজিলিয়ান সিরি ‘আ’র শীর্ষে তুলে আনার পথে নিয়মিত ভালো খেলার পুরস্কার পেয়েছেন মিডফিল্ডার রেনাতো অগুস্তো ও ডিফেন্ডার গিল। রয়টার্স।