কাকাই এই গ্রহের সর্বশেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকা
কাকা

একটা কুইজ হতে পারে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আগে সর্বশেষ ব্যালন ডি’অর কে জিতেছেন? পুরস্কারটাকে এমনই ‘দুতরফা’ বানিয়ে ফেলেছেন এই দুজন, ২০০৭ সালে কাকা যে পুরস্কারটা জিতেছিলেন সেটি অনেকের কাছেই মনে হয় দূরের স্মৃতি।
ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ক্যারিয়ারে এখন বিকেল। এই তিনজন ছাড়া ব্যালন ডি’অর জয়ীদের মধ্যে এখনো খেলে যাচ্ছেন আর একজনই—রোনালদিনহো। ফুটবলের উজ্জ্বলতম এক প্রতিভার খেয়ালি অপচয়ের উদাহরণ এই ব্রাজিলিয়ান টানা দুবার হয়েছিলেন ফিফা বর্ষসেরা (২০০৪ ও ২০০৫)।
২০০৭ সালে এসি মিলানের চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন কাকা। দুর্দান্ত খেলার পুরস্কারস্বরূপ ওই বছরের ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি ও রোনালদোকে হারিয়ে!
সেই শেষ। এর পর থেকেই চলছে মেসি-রোনালদোর দ্বৈত শাসন। কাকাও তাতে মুগ্ধ। সম্প্রতি মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী মিডফিল্ডার কথা বলেছেন ব্যালন ডি’অর-সতীর্থদের নিয়ে, ‘এই অসাধারণ খেলোয়াড়দের পাশে একসঙ্গে থাকতে পেরে অনেক গর্ববোধ করছি। মেসি ও রোনালদোর আগে সর্বশেষ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতেছি বলেও।’
সবশেষে মজা করে কাকা বললেন, ‘বলতে পারেন, আমিই এই গ্রহে জন্ম নেওয়া সর্বশেষ ব্যালন
ডি’অর জয়ী।’ অন্য অনেকের মতো কাকার চোখেও তাহলে আর্জেন্টাইন ও পর্তুগিজ তারকা অন্য গ্রহের দুই ফুটবলার! গোলডটকম।