কাকে বলছেন ফোন করতে?
শার্লক হোমস থাকলে হয়তো রহস্য ভেদ করতে বসে যেতেন। লিওনেল মেসির চোখের পাতার নড়াচড়া, এমনকি বডি ল্যাঙ্গুয়েজের কোনো খুঁটিনাটি পড়ে হয়তো বেরও করে ফেলতেন বার্সেলোনা ফরোয়ার্ডের অমন উদ্যাপনের রহস্য।
রহস্যই তো! পরশু সেল্টা ভিগো ম্যাচে গোলের পর এমনই উদ্যাপন করেছেন মেসি, তা নিয়ে আলোচনা যেন থামছিলই না—কাকে ফোন করার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড?
ম্যাচের ২৪ মিনিটে দুর্দান্ত গোল করেন মেসি। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে দুহাত আকাশে উঠিয়ে চিরচেনা উদ্যাপনও করলেন। সাধারণত সেটিই তাঁর উদ্যাপনের শেষ ধাপ, কিন্তু পরশু আরেকটি ধাপ বাকি ছিল। ডান হাতটা মুখের কাছে এনে গ্যালারির ডিরেক্টরস বক্সে কারও দিকে তাকিয়ে ‘ফোন কলে’র ভঙ্গি করলেন মেসি!
সেটি কার উদ্দেশে? স্বাভাবিকভাবেই টুইটারে অনুমান-পর্ব শুরু হতে সময় লাগল না। কেউ মেসির ‘ফোন কল’ ছবিটি দিয়ে লিখলেন, ‘দুর্দান্ত গোল দরকার? আমাকে কল দাও!’ কেউ আবার টেনে আনলেন বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তি নবায়নের বিষয়টি। এএস।
তবে হোমস সাহেবের মতো এত খুঁটিনাটি বিশ্লেষণে আর যেতে হয়নি। ম্যাচ শেষে মেসির কাছের লোকেরা জানিয়েছেন, তাঁর ওই ফোন কল আসলে তাঁর ভাইয়ের ছেলের উদ্দেশে। ম্যাচের দিন দুপুরে নাকি অনেকবার ভাতিজার কল এসেছিল মেসির ফোনে, ব্যস্ত থাকায় ধরতে পারেননি ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। তাই অমন উদ্যাপন!