কাকে ভোট দিয়েছেন তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকি প্রায় সবার ভোট তাঁদের বাক্সে। তাঁদের ভোট কার বাক্সে?
প্রতিবছরই ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের পর এই আগ্রহটা থাকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। নিজেকে সময়ের সেরা প্রমাণের তাগিদ দুজনেরই আছে, রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ‘আজন্ম শত্রুতা’ও তাতে এনেছে বাড়তি মাত্রা। মাইক্রোফোনের সামনে দুজন যতই সুসম্পর্কের কথা বলুন, প্রতিদ্বন্দ্বিতাটা ঠিকই থাকে ভোটবাক্সে বন্দী। আগের কয়েক বছরের ‘ধারাবাহিকতা’ এবারও ছিল, মেসি-রোনালদো কেউ কাউকে ভোট দেননি।
একে তো নয়ই, সেরা তিনেও আর্জেন্টিনা ও পর্তুগালের দুই তারকা কেউ কাউকে রাখেননি। অবাক হওয়ার মতোই ব্যাপার, পুরো বিশ্বের চোখে যেখানে তাঁরা সেরা, তাঁদের একজনের চোখেই অন্যজন সেরা তিনেও নেই! অবশ্য সেধে সেধে কেই-বা ‘চিরপ্রতিদ্বন্দ্বী’কে পয়েন্ট দিতে যায়! মেসির তিনটি ভোট পেয়েছেন ক্লাব বার্সেলোনার তিন সতীর্থ। আর্জেন্টিনা অধিনায়ক একে রেখেছেন লুইস সুয়ারেজকে, দুইয়ে নেইমার, তিনে আন্দ্রেস ইনিয়েস্তা। রোনালদোরও ক্লাবপ্রীতিটা স্পষ্ট। পর্তুগিজ অধিনায়কের চোখে সবার সেরা গ্যারেথ বেল, দুই ও তিনে লুকা মডরিচ ও সার্জিও রামোস।
ক্লাব বা জাতীয় দলের সতীর্থের প্রতি প্রেম যে শুধু এই দুজনেরই, তা নয়। জার্মানির ম্যানুয়েল ন্যয়ার যেমন ভোট দিয়েছেন ‘জার্মানি বা বায়ার্ন মিউনিখ’ কোটা মেনে। তাঁর পছন্দ টনি ক্রুস, মেসুত ওজিল ও রবার্ট লেভানডফস্কি। কলম্বিয়ার হামেস রদ্রিগেজের ভোট পেয়েছেন তিন রিয়াল সতীর্থ রোনালদো, মডরিচ ও বেল। এই মৌসুমে বার্সা ছেড়ে গেলেও এখনো বার্সা-প্রেম যায়নি ভোটের সময় ব্রাজিলের অধিনায়ক দানি আলভেজের। তাঁর ভোট পড়েছে মেসি, নেইমার ও সুয়ারেজের বাক্সে। চিলির কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি তো আরও সরেস। চিলির অধিনায়ক অ্যালেক্সিস সানচেজকে রেখেছেন একে, দুই-তিনে কোনো ভোটই দেননি!
এদিক থেকে ‘ফেয়ার প্লে’ পুরস্কারই পাবেন রামোস ও মডরিচ। ক্লাব সতীর্থ রোনালদোকে একে রেখেছেন দুজনই, তবে দুই ও তিনে স্পেনের অধিনায়ক রামোস বেছে নিয়েছেন মেসি ও ইনিয়েস্তাকে। মডরিচ তিনে রেখেছেন গ্যারেথ বেলকে, তবে ক্রোয়েশিয়া অধিনায়কের চোখেও দ্বিতীয় সেরা মেসি! রয়টার্স।