কাছে গিয়েও হলো না চেলসির

হোয়াইট হার্ট লেনে পরশু টটেনহামের গ্যালারিতে কি ছদ্মবেশে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরাও ছিলেন?
গ্যালারিতে থাকুন আর না থাকুন, টিভি পর্দার সামনে ঠিকই ছিলেন। মনে মনে টটেনহামের জয়ও নিশ্চয়ই চাইছিলেন। এক অর্থে এটি যে হয়ে উঠতে পারে এবারের প্রিমিয়ার লিগ মৌসুমের মোড় ঘুরিয়ে দেওয়া ম্যাচ। তাই শুধু টটেনহাম হটস্পার নয়, ম্যাচটিতে চেলসির অদৃশ্য প্রতিপক্ষ হয়ে ছিল প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে থাকা দলগুলোও।
ম্যাচে টটেনহাম ২-০ গোলে হারিয়েছে চেলসিকে। কিন্তু স্পারদের জয়ে খুশি অন্যরাও। জিতলে চেলসি দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে যেত, সেই ব্যবধানটা এখন ৫।
এখনো কিছুই শেষ হয়নি চেলসির, বাজিতে হ্যাজার্ড-কস্তারাই এগিয়ে। তবু পরশু টটেনহামের মাঠে তাদেরকে যেন ঘিরে ধরেছিল রাজ্যের হতাশা। পরাজয়ের বেদনায় নয়, ইতিহাস গড়তে না পারার আক্ষেপে। একটুর জন্য যে প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ডটা ছোঁয়া হলো না!
১৪ বছর আগে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ডটি গড়েছিল আর্সেনাল। ২০০১-০২ মৌসুমের ফেব্রুয়ারিতে বার্গক্যাম্প-অঁরিদের শুরু করা বোল্টের মতো দৌড়টা থামে পরের মৌসুমের আগস্টে। ২০০১-০২ মৌসুমের শেষ ১৩ ম্যাচে জেতে আর্সেনাল—যা এক মৌসুমে টানা জয়ের রেকর্ড। পাশাপাশি ২০০২-০৩ মৌসুমের প্রথম ম্যাচও জিতে টানা ১৪ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। পরশু জিতলে চেলসি ওই রেকর্ডটা ছুঁয়ে ফেলত একটু আলাদাভাবে—একই মৌসুমে জিতে। কিন্তু পারেনি আন্তোনিও কন্তের দল, থেমে গেল ১৩ জয়ে।
চেলসির রেকর্ড-দৌড়ে ভালোভাবেই জড়িয়ে আর্সেনাল। গত সেপ্টেম্বরে গানারদের মাঠে ৩-০ গোলে হারের পরই জয়ের অবিশ্বাস্য এক ধারায় ভেসে চলা। এক মৌসুমে টানা ১৩ জয়ের আর্সেনালের রেকর্ডটাও ছোঁয়া হলো, কিন্তু ১৪ সংখ্যাটা রয়ে গেল অধরা।
চেলসির জয়রথ যে থামছে, সেটি প্রথমার্ধের যোগ করা সময়েই বোঝা উচিত ছিল। অতীত রেকর্ডই বলে দিচ্ছিল, আর যা-ই হোক, জিতবে না কন্তের দল। কেন? ডেলে আলি যে গোল করেছিলেন! প্রথমার্ধের শেষ দিকে একটি, দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি। ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার গোল করেছেন, প্রিমিয়ার লিগে এর আগে এমন ১৫ ম্যাচে হারেনি টটেনহাম। জিতেছে ১১টিতে, ড্র চারটি। চেলসিও রেকর্ডটা বদলাতে পারেনি।
এমনিতেই লন্ডন ডার্বি বলে উত্তেজনা ছিল তুঙ্গে, তার ওপর ম্যাচটির আবহে একটু প্রতিশোধ প্রতিশোধ ঝাঁজও ছিল। গত মে মাসে এই মাঠে যখন মুখোমুখি হয়েছিল দুই দল, টটেনহাম শিরোপার লড়াইয়ে পাল্লা দিচ্ছে লেস্টার সিটির সঙ্গে। জয়টা তখন চাই-ই চাই মরিসিও পচেত্তিনোর দলের। কিন্তু চেলসিও রীতিমতো ঘোষণা দিয়ে নেমেছিল—‘জিততে দেব না ওদের!’ চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা-উৎসব করতে দেখতে কেই-বা চায়! ম্যাচে টটেনহাম ২-০ গোলে এগিয়ে গেলেও শেষ আধঘণ্টায় চেলসি ২ গোল দিয়ে ম্যাচ করে ফেলে ২-২। এই ড্র-ই নিশ্চিত করে লেস্টারের শিরোপা।
এদিন ৫৪ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় টটেনহাম। দুটি গোলই একই ঢঙে। দেজা ভ্যু! দুবারই ডান প্রান্ত থেকে ক্রিশ্চিয়ান এরিকসেনের ক্রস, দুবারই তাতে আলির হেড। আরও মজার ব্যাপার, দুবারই চেলসি ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতা ও ভিক্টর মোজেসকে পেরিয়ে ঢুকে গিয়েছিলেন আলি! তবে এবার চেলসিকে আর ফিরতে দেয়নি টটেনহাম। আলির ‘মাথার কাজের’ পর পুরো দলই মাথা ঠান্ডা রেখে ম্যাচটা জিতে বেরিয়েছে।
কৃতিত্বটা কোচ পচেত্তিনোরও। এমনিতে গার্দিওলা-মরিনহোদের মতো হাইপ্রোফাইল কোচ নন, কিন্তু এই আর্জেন্টাইন ইংল্যান্ডের সেরা ‘ট্যাকটিশিয়ান’দের একজন। পরশুও সেটি দেখালেন। যে বিখ্যাত ৩-৪-৩ ছকে এসে চেলসিকে এমন অপ্রতিরোধ্য বানিয়েছিলেন কন্তে, সেটির পাল্টা জবাব পচেত্তিনো দিলেন দলকে ৩-৪-২-১ ছকে সাজিয়ে। এর আগে এভারটন ও ম্যানচেস্টার সিটিও চেলসির বিপক্ষে এই ছক সাজিয়েছিল। কিন্তু দুই উইংব্যাক কাইল ওয়াকার ও ড্যানি রোজকে দুর্দান্তভাবে ব্যবহার, আর মিডফিল্ডে আলি ও এরিকসেনকে স্বাধীনতা দিয়ে পচেত্তিনোই দেখালেন কীভাবে চেলসিকে হারাতে হয়।
এই ছকে অবশ্য সর্বশেষ পাঁচ ম্যাচে খেলে জিতেছেন। তবে এ মুহূর্তে সম্ভাব্য সবচেয়ে বড় বাধা চেলসিকে হারানোর পর পচেত্তিনো শিরোপার স্বপ্ন দেখছেন, ‘বিশাল জয় এটা। লিগ শীর্ষে ব্যবধান কমাতে অনেক বড় তিনটি পয়েন্ট। আমরা দেখিয়েছি বড় কিছুর জন্য লড়তে পারি।’ চেলসি কোচ কন্তেরও স্বীকারোক্তি, শিরোপার লড়াইয়ে এখন ছয়টি দল আছে।
শিরোপার নিষ্পত্তি হবে মে মাসে। আপাতত রেকর্ডটা গড়তে না পারার আফসোসেই পুড়ছে চেলসি। ডিফেন্ডার গ্যারি কাহিল যেমন বললেন, ‘আমরা তো রোবট নই। তবে বেশ হতাশ আমরা। ভেবেছিলাম (রেকর্ডের) পরের ধাপে যেতে পারব।’ সূত্র: বিবিসি।
প্রিমিয়ার লিগে টানা জয়
১৪
আর্সেনাল (ফেব্রুয়ারি-আগস্ট ২০০২)
১৩
চেলসি (সেপ্টেম্বর ২০১৬-জানুয়ারি ২০১৭)
১২
ম্যানচেস্টার ইউনাইটেড (মার্চ-আগস্ট ২০০০)
১১
চেলসি (এপ্রিল-সেপ্টেম্বর, ২০০৯)
ম্যানচেস্টার ইউনাইটেড (ডিসেম্বর ২০০৮-মার্চ ২০০৯)
লিভারপুল (ফেব্রুয়ারি-এপ্রিল ২০১৪)
ম্যানচেস্টার সিটি (এপ্রিল-সেপ্টেম্বর ২০১৫)