কাজটা সহজ করল মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় গোলটি করে দলকে তুলে দিলেন সেমিফাইনালে। মালয়েশিয়া অধিনায়ক মোহাম্মদ রিদোয়ানের (ডানে) এমন উচ্ছ্বাসের কারণটা বোঝাই যায় l প্রথম আলো
দ্বিতীয় গোলটি করে দলকে তুলে দিলেন সেমিফাইনালে। মালয়েশিয়া অধিনায়ক মোহাম্মদ রিদোয়ানের (ডানে) এমন উচ্ছ্বাসের কারণটা বোঝাই যায় l প্রথম আলো

বাংলাদেশের উচিত মালয়েশিয়া যুবদলকে ধন্যবাদ জানানো। কাল শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ওঠার সমীকরণটা সহজ করে দিয়েছে তারা।
মালয়েশিয়া কাল শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠল শেষ চারে। এ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে শেষ ম্যাচে তাদের বিপক্ষে জয়ই হতো বাংলাদেশের একমাত্র পথ। সুসংবাদ অবশ্যই, শ্রীলঙ্কা-বাংলাদেশ ড্র হলে দুই দলেরই পয়েন্ট হবে সমান। সে ক্ষেত্রে গোলগড়ে বাংলাদেশ উঠবে সেমিফাইনালে। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারলেই বিদায়।
মায়েশিয়া দল গোটা ম্যাচেই দুর্দান্ত পজেশনাল ফুটবল খেলল সিলেট স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে। দলটির পাসিং নিখুঁত, প্রতিটি খেলোয়াড় দ্রুতগতির। আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকমন জয় করেছেন মালয়েশিয়ার তরুণেরা। অথচ এঁরাই কিন্তু আগের ম্যাচে বাংলাদেশ দলকে হারিয়ে দুঃখ দিয়েছিলেন দর্শকদের।
প্রথম গোলটি প্রথমার্ধের শেষ মিনিটে। পেনাল্টি থেকে করেছেন সাহরুল আজওয়ারি। ৫৯ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান মিডফিল্ডার মোহাম্মদ রিদোয়ান। গোল খাওয়ার আগেই অবশ্য গোল পেতে পারত শ্রীলঙ্কা। রোশানের দুর্দান্ত ফ্রি-কিক লাগে বারে।
শ্রীলঙ্কার সার্বিয়ান কোচ নিকোলা কাবাজোভিচের চোখে এখন পর্যন্ত মালয়েশিয়াই সেরা দল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বললেন, অপ্রস্তুত অবস্থায় এই টুর্নামেন্ট খেলতে এসেছে তাঁর দল। বাংলাদেশের সঙ্গে জীবন-মরণ ম্যাচ নিয়ে অবশ্য কিছুই বলতে চাইলেন না, ‘আমি এখন হোটেলে ফিরে টিভিতে সিনেমা দেখব। বিশ্রাম নেব। পরিবারের সঙ্গে কথা বলব। তারপর সকালে উঠে বাংলাদেশ ম্যাচ নিয়ে ভাবব।’