কাজান, তারকাদের বারোটা বাজান!

ফেবারিট আর তারকাবধের বিশ্বকাপ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে ২০১৮ রাশিয়া? একে একে তারকা হারিয়েছে এবারের আসর। জার্মানি, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা...এবার ব্রাজিল। সেই ব্রাজিল, যারা বিশ্বকাপে এসেছিল সবচেয়ে ভালো দল নিয়ে
ব্রাজিল বিশ্বকাপে এসেছিল সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল নিয়ে। যে দলের সাইড বেঞ্চের খেলোয়াড় দিয়েই আরেকটি একাদশ করা যায়। যে দলের কোচ তিতে সবার মন জিতে নিয়েছিলেন ব্রাজিলের জার্সিতে, সেই হলুদ নির্যাস আবার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই ব্রাজিল এবার হোঁচট খেল বেলজিয়ামের কাছে; বিশ্বকাপে যাদের ইতিহাস নেই, হয়তো আছে শুধু ভবিষ্যৎ!
বড় তারকাদের পতন-মিছিলে এবার যোগ হলো নেইমারের নাম। থাকবেন কুতিনহো, জেসুস, পাওলিনহো, ফিরমিনো, কস্তা...কত কত নাম! ক্লাব ফুটবলে প্রত্যেকেই নিজ আলোতে উজ্জ্বল। পেছন ফিরে তাকিয়ে এই তারকাদের মনে পড়বে শেষ দৃশ্যটাই। তাড়া করে ফিরবে একটি নাম: কাজান! এই এক মাঠে এবার বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে। যাদের দলেও তারকার ঢল। বিদায় নিয়েছে আর্জেন্টিনা, খুব ভালো ভারসাম্যপূর্ণ দল না হলেও যে দলে তারকার কমতি নেই। এই কাজানেই এবার বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে শেষ আট থেকে বিদায় নিল নেইমারের ব্রাজিল।
রাশিয়া বিশ্বকাপ তাই যেমন মনে থাকবে, মনে থাকবে এই কাজানের স্টেডিয়ামটির কথাও। জার্মানির মনে থাকবে, ২৭ জুন কী এক বিভীষিকা ভর করেছিল তাদের ওপর। এত এত প্রতিভায় ঠাসা দলটি এদিন কাজানে হেরে গিয়েছিল ২-০ গোলের কাছে। প্রতিপক্ষ? দক্ষিণ কোরিয়া, ধারেভারে যারা জার্মানি থেকে দক্ষিণ কোরিয়ার দূরত্বের চেয়েও বেশি দূরে। সেই কোরিয়া যোগ করা সময়ে দুই দুটি গোল জার্মানির জালে পাঠিয়ে রচনা করেছিল ফুটবল বিশ্বকাপের সেরা অঘটনগুলোর একটি। গ্রুপ পর্ব থেকে তল্পিতল্পা গুছিয়ে বাড়ি ফিরতে হয়েছিল জার্মানিকে।
৩০ জুন এই মাঠেই ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। না, ফ্রান্স পরিষ্কার ফেবারিট ছিল। শক্তিতে এগিয়ে ছিল তারাই। কিন্তু তবু, মেসির মতো একজন মহাতারকাকে হারিয়ে ফেলার শোকগাথা রচিত হয়েছিল এ মাঠেই। ২-১ গোলে এগিয়ে গিয়েও আর্জেন্টিনা পারেনি। ৪-২ গোলে পিছিয়ে পড়ে, শেষ মুহূর্তে মরণকামড় দেওয়ার বৃথা চেষ্টায় ৪-৩ করতে পেরেছিল কেবল। মেসির যাত্রা, আগুয়েরো, ডি মারিয়া, দিবালা, হিগুয়েইন, মাচেরানো, এভার বানেগার বিশ্বকাপ সেদিন শেষ হয়ে গিয়েছিল কাজানে।
সেই কাজান আজ সাক্ষী হলো বিশ্বকাপের আরেক মহা অঘটনের। বেলজিয়াম হয়তো ফিফা র্যাঙ্কিংয়ে গা ঘেঁষাঘেঁষি করে আছে ব্রাজিলের, কিন্তু ইতিহাস, রেকর্ড, ঐতিহ্য ছিল ব্রাজিলের পক্ষে। আজ ব্রাজিল খেলেছেও দাপট নিয়ে। কিন্তু ফুটবল শুধু গোল করার খেলা নয়। গোল না খাওয়ার খেলাও। ব্রাজিলের একের পর এক আক্রমণ আজ নিষ্ফলা হয়ে গেছে বেলজিয়ামের রক্ষণে এসে। আর মহাপ্রাচীর হয়ে ছিলেন একজন। থিবো কোর্তোয়া । কী অবিশ্বাস্য সেভগুলোই না করলেন! যেন একা হারিয়ে দিলেন নেইমারকে!
এরপর থেকে ফুটবল–সমর্থকেরা খোঁজ নিতে চাইবেন, এই কাজানে আর কী কী ম্যাচ আছে। এরপর কী নাটক জমিয়ে রেখেছে কাজান বাজান! বিশ্বকাপে টিকে আছে যে ছয়টি দল, তাদের সমর্থকদের জন্য আপাতত সুখবর। এবারের বিশ্বকাপে কাজানে আর কোনো ম্যাচ নেই!