কাজে নেমে পড়লেন মারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফুল হক
মারুফুল হক

এক মাসও আর হাতে নেই। তবু সাফ ফুটবল জয়ের চ্যালেঞ্জটা নিলেন সানন্দেই। সেই তাগিদ থেকেই প্রতিটি দিন কাজে লাগাতে চান মারুফুল হক। আনুষ্ঠানিকভাবে আজ তাঁর পরিচিতি পর্ব হওয়ার কথা থাকলেও কাল থেকেই সাফের প্রস্তুতি শুরু করে দিলেন জাতীয় দলের নতুন কোচ।
চোট ও বিভিন্ন কারণে দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে এদিন সকালে বুয়েট মাঠে প্রথম অনুশীলন সেশনটা সেরেছেন। দলে ফেরাচ্ছেন এমিলি ও জাহিদকে। কিরগিজস্তান সফরের আগে পেটে টিউমার অপসারণ করা এমিলি কালই প্রথম যোগ দিয়েছেন অনুশীলনে।
তাঁর বন্ধু জাহিদ যোগ দেবেন আজ। চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্টে ভালো খেললেও ফাবিও লোপেজ তাঁকে দলে রাখেননি। তাজিকিস্তানে ৫ গোলে ভরাডুবির পর ডেকেছিলেন। কিন্তু জাহিদ চোটের কারণ দেখিয়ে আবার চলে যান। নিজেই বনে যান নিজের ‘ডাক্তার’। লোপেজকে জানিয়ে দেন, তিনি আপাতত খেলবেন না। তবে এখন চেনা কোচ মারুফ দায়িত্ব নিতেই আবার জাতীয় দলমুখী জাহিদ।
লোপেজের উপেক্ষা বা চোটের শিকার হয়ে বাইরে থাকা আরও আটজন ছিলেন মারুফের কালকের প্রথম অনুশীলন সেশনে—ফয়সাল মাহমুদ, ইয়ামিন মুন্না, নাসির চৌধুরী, আতিকুর রহমান মিশু, রেজাউল করিম, মাজহারুল ইসলাম হিমেল, সোহেল রানা ও জুয়েল রানা। চীন সফরে যাওয়া ২০ খেলোয়াড়ের দুজকে বাদ দিয়ে ১৮ জনকে নেবেন কোচ। ২৮ খেলোয়াড় নিয়ে আগামীকাল বিকেএসপিতে শুরু করবেন সাফের পূর্ণাঙ্গ অনুশীলন।
খেলোয়াড়দের সম্পর্কে ভালো জানাশোনা আছে বলে মারুফের দল গড়তে সমস্যা হওয়ার কথা নয়। লোপেজের মতো খেলোয়াড়দের পজিশন বদল করে পরীক্ষা-নিরীক্ষার পথে তিনি হাঁটতে চান না। কাল জানিয়ে দিলেন, ২৩ ডিসেম্বর ভারতের কেরালায় শুরু সাফকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ নিয়েও চিন্তিত নন, ‘এই দলটি খেলার মধ্যে থাকায় প্রীতি ম্যাচের প্রয়োজন দেখছি না। তারপরও জরুরি মনে করলে স্থানীয় দলের সঙ্গে বড়জোর দু-একটি ম্যাচ খেলা যেতে পারে দলের সমন্বয় দেখতে।’
নিজের কর্মপরিকল্পনাও তৈরি করে ফেলেছেন নতুন কোচ। প্রথম সপ্তাহে তিনটি সেশন রাখবেন। ভোরের আলো ফোটার আগেই প্রথম সেশন, দ্বিতীয়টি সাড়ে ১০টা থেকে, তৃতীয়টি বেলা সাড়ে ৩টা থেকে। প্রথম সপ্তাহে প্রতিদিনই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভিডিও সেশন। ‘টিম বিল্ডিং’ করবেন শুরু থেকেই। এই ফাঁকেই হবে ফিটনেস নিয়ে কাজ। দ্বিতীয় সপ্তাহে থাকবে দুটি করে সেশন। শেষ সপ্তাহে একটি করে।