কাটেন খুলি, হতে চান মহাকাশচারী!

>• হল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ড্রোনকারস হতে চান মহাকাশচারী
• গোলরক্ষকের দায়িত্ব পালনের সঙ্গে নিউরোসার্জারিতেও পড়ছেন তিনি
বড় ম্যাচ থাকলে অনেক খেলোয়াড়েরই নির্ঘুম রাত কাটে। কিন্তু ডাচ গোলরক্ষক ওউটার ড্রোনকারস অন্য ধাতে গড়া মানুষ। রাতের অন্ধকার তাঁর কাছে অজানাকে জানার!
রাত নামলেই ড্রোনকারসের মাথায় প্রশ্ন জাগে, মাথার ওপরে এই যে সুবিশাল মহাকাশ সেখানে কেউ আছে? মানে, আমাদের সৌরজগতের বাইরে কোনো নক্ষত্রমণ্ডলীতে আর কোনো প্রাণীর বসবাস রয়েছে কি না? হল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই গোলরক্ষক কিন্তু বিশ্বাস করেন, মহাবিশ্ব যেহেতু অনেক বড়, তাই অন্য কোনো ছায়াপথে প্রাণের উপস্থিতি থাকার সম্ভাবনা শতভাগ!
ড্রোনকারসের মুখেই শুনুন, ‘মহাশূন্য নিয়ে আমি সব সময়ই আগ্রহী। ধরে নেওয়া যাক, অন্য কোনো ছায়াপথে প্রাণের উপস্থিতি থাকার সম্ভাবনা ০.০০০০০০১ শতাংশ। কিন্তু আমার কাছে সেটা শতভাগ, কারণ মহাবিশ্ব অনেক বড়। ওখানে কী আছে, তা ভেবে সত্যিই বিস্মিত হই এবং ঘুম চলে যায়।’
হল্যান্ডের অনূর্ধ্ব-১৫ দল থেকে অনূর্ধ্ব-২০ দল পর্যন্ত সব কটি বয়সভিত্তিক ধাপেই খেলা ড্রোনকারস ইউরোপের ক্লাব ফুটবলে ডাকাবুকো কেউ নন। ২৪ বছর বয়সী এই গোলরক্ষক খেলছেন বোস্টন এফসিতে। তার আগে জন্মভূমির দুই ক্লাব এফসি টুয়েন্টে ও ভিত্তেসে আর্নহামেও খেলেছেন। হল্যান্ডের শীর্ষস্থানীয় লিগ ছেড়ে যুক্তরাষ্ট্রের চতুর্থ বিভাগের ন্যাশনাল প্রিমিয়ার সকার লিগে উড়ে আসায় তাঁর ক্যারিয়ারের অধঃপতনই ঘটেছে। কিন্তু নেপথ্য কারণটা জানলে বোঝা যায় ড্রোনকারস আসলে কী ধাতুর মানুষ।

ফুটবল ক্যারিয়ার তো একদিন শেষ হবে। তারপর কী? এই প্রশ্নের জবাবটা এখন থেকেই তৈরি করে রাখছেন ড্রোনকারস। ফুটবল ক্যারিয়ার শেষে তিনি নিউরোসার্জন হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান। টুয়েন্টে ক্লাবে থাকতে মনোবিজ্ঞানের ওপর স্নাতক শেষ করেন। রটারডামের এরাসমাস বিশ্ববিদ্যালয়ে এখন তিনি মেডিকেল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বোস্টনে উড়ে আসার কারণ—দলের হয়ে গোলপোস্টের নিচে দাঁড়ানোর পাশাপাশি শহরটির শিশু হাসপাতাল এবং খ্যাতনামা হার্ভার্ড মেডিকেল স্কুলে গবেষণাটাও সেরে নিতে পারবেন।
নিশ্চয়ই ভাবছেন, ড্রোনকারস তাহলে একের ভেতর দুই? কথাটা আপাতত ঠিক, তবে পরে ভুলও প্রমাণ হতে পারে! সেটা করতে পারেন ড্রোনকারস নিজেই। তাঁর কিসে আগ্রহ নেই? চিকিৎসাবিজ্ঞান, মনোবিজ্ঞান, নভোবস্তুবিদ্যা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রবল আগ্রহ ড্রোনকারসের। এই সব্যসাচী জ্ঞানচাষিকে ড্রেসিং রুমে সতীর্থরা তাই ডাকেন, ডাক্তার, প্রফেসর কিংবা মি. ওয়াইজ গাই।
খেলার বাইরের অনেকেও তাঁকে এসব নামে ডাকেন। ড্রোনকারসের যে খারাপ লাগে, তা নয়। ভালোই লাগে। তবে দুঃখবোধও আছে। মানুষ শুধু সাফল্যই দেখে, কিন্তু তার পেছনে যে শ্রম আর নিবেদন, তা দেখে না। বিবিসিকে তাঁর ভাষ্য, ‘লোকে সব সময় আমাকে “সোনার ছেলে” হিসেবে দেখেছে, যে প্রায় সবই পেয়েছে। কিন্তু কেউ পরিশ্রমটা দেখে না। সকালে অনুশীলন, গভীর রাতের লেখাপড়া—এসব ত্যাগ তো স্বীকার করতে হয়েছে।’
ড্রোনকারস আপাতত খেলা আর খুলি নিয়েই আছেন। চিকিৎসাবিজ্ঞান যে তাঁর খারাপ লাগছে, তা নয়। ড্রোনকারসের ভাষ্য, ‘প্রথমবার কারও খুলি কাটতে পারা... কথাটা শুনতে অদ্ভুত লাগলেও মস্তিষ্কের অস্ত্রোপচারের ক্ষেত্রে এটা কিন্তু সফলতা।’

কিন্তু নিউরোসার্জন হওয়া ড্রোনকারসের চূড়ান্ত লক্ষ্য নয়। মাথার ওপর ওই যে বিশাল আকাশ, যা তাঁকে চুম্বকের মতো টানে, ড্রোনকারস তাতে সাড়া দিতে চান। হতে চান মহাকাশচারী!
হ্যাঁ, মহাবিশ্ব পরিভ্রমণ করাই তাঁর চূড়ান্ত লক্ষ্য, ‘মহাকাশচারী হওয়াই আমার সবচেয়ে বড় স্বপ্ন। এটা মোটেও ছোট কোনো ব্যাপার নয়। শুনতে একটু অদ্ভুত লাগলেও আমি এটা হতে চাই।’
ড্রোনকারস তাহলে ফুটবলার হলেন কেন—প্রশ্নটা উঠতেই পারে। হ্যাঁ, শুরুতে তিনি ফুটবলারই হতে চেয়েছিলেন। সম্ভাবনাও কম ছিল না। কিন্তু সুযোগ না পাওয়ার হতাশা তাঁকে টাচলাইনের বাইরে ভাবতে বাধ্য করেছে। টুয়েন্টে ও ভিত্তেসে আর্নহামে থাকতে বেশির ভাগ সময়ই ছিলেন দলের ব্যাক-আপ গোলরক্ষক। ইউরোপা লিগের ম্যাচে বেশ কয়েকবার স্কোয়াডে সুযোগ পেলেও বসে থাকতে হয়েছে বেঞ্চে।
দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশাই ড্রোনকারসকে নিয়ে গেছে ফুটবলের বাইরের জগতে। তাঁর ব্যাখ্যা, ‘আমি সেভাবে উঠে (ফুটবল) আসতে পারিনি। ইউরোপা লিগের ম্যাচে বেঞ্চে বসে থেকেছি। বিরক্ত লাগত। যত বেশি বিরক্ত লেগেছে, তত বেশি লেখাপড়া করেছি, তত বেশি সময় লাইব্রেরিতে থেকেছি—এটা প্রমাণ করতে, আমি কিছু করতে পারি।’