কাঠগড়ায় ১৫ ফুটবলার, নিষিদ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা নিয়ে না খেলা, চোটের ছুতোয় মাঠে ও অনুশীলনে গরহাজির...। প্রতিবছরই বেশ কিছু ফুটবলারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আসছে ক্লাবগুলো। বর্তমানে ১৫ জন খেলোয়াড়ের বিরুদ্ধে বাফুফের টেবিলে অভিযোগের স্তূপ জমেছে। সব তদন্ত করে চারজনকে ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ করেছে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
জাতীয় দলের উইঙ্গার জাহিদ হোসেনের বিরুদ্ধে মোহামেডানের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি জাহিদকে চুক্তির অর্ধেক টাকা (প্রায় ১৭ লাখ) ফেরত দিতে বলেছে মোহামেডানকে। জাহিদ আপিল করেননি। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মেনে চার কিস্তিতে টাকা ফেরত দেবেন বলে আবেদন করেছেন বাফুফের কাছে।
শীর্ষ খেলোয়াড়দের এই একটি ‘মামলা’ মোটামুটি মীমাংসিত ধরা যায়। মীমাংসার অপেক্ষায় আছে ডিফেন্ডার আরিফুল ইসলাম, মামুন মিয়া, ইয়াছিন খান ও রুবেল মিয়ার মামলা। প্রথমজনের বিরুদ্ধে মোহামেডানের অভিযোগ, গত মৌসুমে চোটের কথা বলে খেলেননি। পরের দুজন টাকা নিয়ে অন্য দলে যোগ দিয়েছেন—এই অভিযোগ শেখ রাসেলের। শেষেরজন গত মৌসুমে ব্রাদার্সকে ঠিকমতো সেবা না দেওয়ার দায়ে অভিযুক্ত।
চট্টগ্রাম আবাহনী বলেছে, সৈয়দ করিম তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েও খেলতে আসেননি। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায়ে দুই কিস্তিতে টাকাটা ফেরত দিতে রাজি হলেও করিম তা দেননি। তাঁকে নিষিদ্ধ করা হয়েছে ঘরোয়া ফুটবলে। চট্টগ্রাম আবাহনী পেয়ারুজ্জামান পিরু ও এহসানুল হক মিলনের বিরুদ্ধেও টাকা নিয়ে না খেলার অভিযোগ তুলেছে।
প্রায় সব অভিযোগই অর্থসংক্রান্ত। খেলোয়াড়দের নৈতিকতাই এতে প্রশ্নবিদ্ধ। তবে খেলোয়াড়-ক্লাব দুই পক্ষেরই সমস্যা দেখছেন কোচ শফিকুল ইসলাম মানিক, ‘খেলোয়াড় ৭০ ভাগ দায়ী হলে ক্লাব ৩০ ভাগ দায়ী। ক্লাব অনেক সময় জেনেও ভিন্ন ক্লাব থেকে টাকা নেওয়া খেলোয়াড়কে দলে নিয়ে জটিলতা তৈরি করে। অনেক সময় খেলোয়াড়ের দায়বদ্ধতার অভাব এবং অজ্ঞতাও বড় কারণ হয়ে দাঁড়ায়। কাজেই সব পক্ষকেই আরও পেশাদার হতে হবে।’
মজার ব্যাপার, পেশাদার লিগের দ্বিতীয় স্তরেও আকছার এমন ঘটনা ঘটছে। ফরাশগঞ্জের অভিযোগের ভিত্তিতে তিন ফুটবলার রেজোয়ান হোসেন সৈনিক, হোসেন কবির রাজু ও নাসিরউদ্দিনকে ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ করেছে স্ট্যাটাস কমিটি। এঁরা টাকা নিয়েও খেলেননি বলে অভিযোগ ফরাশগঞ্জের।
নাইজেরিয়ান ফুটবলার কেস্টার আকনের বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ আরামবাগের। সাইফুল ইসলাম খোকন ও নজরুল ইসলাম সুমনের বিরুদ্ধে অভিযোগ উত্তর বারিধারার। রহমতগঞ্জের কাঠগড়ায় হিজ্জাতুল ইসলাম মিলন।
বছরের পর বছর এসব দেখে বাফুফেকে কঠোর হতে পরামর্শ দিচ্ছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ, ‘দুর্বল আইন থাকায় অনেক সময়ই ক্লাব বা খেলোয়াড় মনে করে কিছুই হবে না। ফলে তারা অনৈতিক কাজ করে। বাফুফের উচিত এসব কঠোর হাতে দমন করা।’