কাঠগড়ায় নয় ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি কিরগিজস্তান ও তাজিকিস্তান সফরে তাঁকে দলের সঙ্গে পর্যবেক্ষক করে পাঠিয়েছিল বাফুফে। গত মাসে কেরালা সাফেও ছিলেন একই দায়িত্বে। তবে দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে হয়ে যান দলনেতা। জাতীয় দলের সঙ্গে চার মাস কাটিয়ে কী দেখলেন আজমল আহমেদ তপন? বাফুফের নির্বাহী কমিটির এই সদস্য সেই উত্তরটা দিলেন কাল। সিলগালা একটি প্রতিবেদন তিনি জমা দিয়েছেন বাফুফের কাছে।
প্রতিবেদনটি এখনো প্রকাশ করা হয়নি। তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে, এটি ফুটবলে ঝড় তোলার মতোই। যেখানে নয়জন খেলোয়াড়ের ব্যাপারে নিজের মতামত দিয়েছেন খুলনার এই সংগঠক। অধিনায়ক মামুনুল ইসলামসহ আট ফুটবলারকে নাকি জাতীয় দল থেকেই বাদ দেওয়ার সুপারিশ করেছেন! ওই তালিকায় আছেন গোলরক্ষক সোহেল, ডিফেন্ডার ইয়ামিন মুন্না, আতিকুর রহমান মিশু, ফরোয়ার্ড সোহেল রানা, মিঠুন চৌধুরী, জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেন।
শেষের জনের ‘অপরাধ’ শৃঙ্খলাজনিত। বঙ্গবন্ধু গোল্ড কাপে নেপালের সঙ্গে ম্যাচের আগের রাত পৌনে দুইটায় মাতাল অবস্থায় টিম হোটেলে ফেরেন জাহিদ। তাৎক্ষণিকভাবে তাঁকে জাতীয় দল থেকে বহিষ্কার করেছিলেন কর্মকর্তারা। দলনেতার সুপারিশ, জাহিদকে ঘরোয়া ফুটবলের দলবদলেও নিষিদ্ধ করা যেতে পারে অথবা তাঁর শাস্তি যেন আরও বেশি হয়। বাকি সাত খেলোয়াড়ের নানা সমস্যা। ফিটনেস, পারফরম্যান্স, দলের প্রতি নিবেদন—এসবই এসেছে বিবেচনায়। তাঁদের বাইরে ডিফেন্ডার ইয়াছিনকে ডেকে সতর্ক করে দেওয়ারও সুপারিশ করেছেন দলনেতা।
জানা গেছে, মামুনুলের ব্যাপারে প্রতিবেদনে লেখা হয়েছে, দলকে উজ্জীবিত করতে পারেননি অধিনায়ক। তাঁর কাছে অনেক সক্রিয় ভূমিকা আশা করা হলেও সেটা দেখা যায়নি। মামুনুলের সাম্প্রতিক পারফরম্যান্সও সন্তোষজনক নয়।
এমিলির সমস্যা ফিটনেসে। বঙ্গবন্ধু গোল্ড কাপে চারটি ম্যাচেই বসে ছিলেন বেঞ্চে। কাজেই দলে তাঁর প্রয়োজনীয়তা দেখেন না দলনেতা। মিশু গত চার মাসে দলের সঙ্গে টানা থাকলেও এক মিনিটও তাঁকে খেলাননি কোচ। এমন খেলোয়াড়ের প্রয়োজন নেই বলা হয়েছে প্রতিবেদনে। গোলরক্ষক সোহেলের পারফরম্যান্স খারাপ। ইয়ামিন মুন্নার ওজন বেড়ে গেছে। ফিটনেস, রানিং, স্কিলে সমস্যা মিঠুন চৌধুরীর। আন্তর্জাতিক ফুটবলের জন্য তাঁদের ‘আনফিট’ মনে করেন দলনেতা। সোহেল রানারও একই হাল।
আজমল আহমেদ বলেছেন, ‘সাফের পর দলনেতা ও ম্যানেজার বদল হয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবি উঠছে। ফেডারেশন সভাপতি বারবার জাতির কাছে ক্ষমা চাইছেন। কিন্তু মাঠে যাদের ব্যর্থতায় দল ভুগছে, ফুটবলে নেমে এসেছে ঘোর অন্ধকার, তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি যা দেখেছি সেটাই বলেছি প্রতিবেদনে। এখন ব্যবস্থা নেবে কি নেবে না সেটা ফেডারেশনের ব্যাপার।’
প্রতিবেদনটি নিয়ে আজই আলোচনায় বসছে পুনর্গঠিত জাতীয় দল কমিটি। এই কমিটির কোনো পর্যবেক্ষণ থাকলে সেটি তারা দেবে বাফুফের নির্বাহী কমিটিকে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেখান থেকেই।
সাফের ব্যর্থতা তদন্তের ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির’ও সদস্য আজমল আহমেদ। শেখ মোহাম্মদ আসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্য জাতীয় দলের ম্যানেজার ইলিয়াস হোসেন। তিন সদস্যের এই কমিটি এখনো প্রতিবেদন দেয়নি। আজমল আহমেদের প্রতিবেদনের ব্যাপারে আসলাম বললেন, ‘এটা ওনার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আমরা প্রতিবেদন দেব আরেকটু সময় নিয়ে। অনেকের সঙ্গেই কথা বলা বাকি আছে।’
তবে বঙ্গবন্ধু গোল্ড কাপের দলনেতা যেভাবে আট খেলোয়াড়কে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সুপারিশ করলেন, সে ব্যাপারে মন্তব্য জানতে চাইলে আসলামের কণ্ঠেও কঠোর বার্তা, ‘শৃঙ্খলা, দলের প্রতি দায়বদ্ধতার অভাব ও খারাপ পারফরম্যান্স হলে কাউকেই আর ছাড় দেওয়া উচিত নয়।’