কাতার নয়, নেইমার ফিরলেন বার্সায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার জন্য কিছু সুখবর: অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। এর মধ্যে কাতারে যাওয়ার কথা থাকলেও তা-ও যাননি। পিএসজির কাতারি মালিক লম্বা বিবৃতি দিয়ে বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ। এটি যেন সবাই সম্মান দেখায়। আজ সতীর্থদের সঙ্গে মাঠে নামার কথা আছে তাঁর। কিন্তু অনুশীলনে কি দেখা যাবে সেই খুনসুটি?

এই প্রশ্নটাই বার্সা-সমর্থকদের জন্য আগের সুখবরগুলো বাতিল করে দিচ্ছে। কারণ, নেইমারের এ ফেরা হয়তো বিদায় নিতেই!

গতকাল সন্ধ্যায় চীন থেকে দুবাই এয়ারপোর্ট হয়ে বার্সেলোনায় ফিরেছেন নেইমার। আজ পুরো দলের সঙ্গে অনুশীলনের কথা রয়েছে। মেসি, সুয়ারেজ, রাকিটিচদের সঙ্গে এবারই কি শেষ অনুশীলন?

এবারের দলবদলের সবচেয়ে আলোচিত খবর হয়ে আছেন ব্রাজিল তারকা। তাঁকে আটকানোর শেষ চেষ্টা হিসেবে ২৬ মিলিয়ন ইউরো বোনাস আটকে দিয়েছে বার্সা। গত বছর ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করায় এই বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই চুক্তির সূত্র ধরেই নেইমারের বাই আউট ক্লজ ২০০ থেকে ২২২ মিলিয়নে উন্নীত হয়।

চীনের সাংহাই থেকে ফেরার পথে ইনস্টাগ্রামে দুটি ভিডিও পোস্ট করেছেন ব্রাজিলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। এমিরেটস এয়ারলাইনসে ভ্রমণ করেছেন, তাই কাতারে যাওয়ার সম্ভাবনা বাতিল হয়েছে প্রথমেই। বার্সেলোনার বিমানবন্দরে ছিল পিলপিলে ভিড়। কিন্তু নেইমার লুকিয়ে বের হয়েছেন পেছনের দরজা দিয়ে। সাংবাদিক, সমর্থক কারও মুখোমুখি হতে চাননি।

বার্সার পরবর্তী ম্যাচ সোমবার, বার্ষিক হোয়ান গাম্পার ট্রফিতে বার্সা খেলবে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সের সঙ্গে। গেল নভেম্বরে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কবলে পড়ে বেশির ভাগ কর্মকর্তা ও খেলোয়াড় হারিয়েছিল ক্লাবটি। নতুন করে ঘুরে দাঁড়িয়েছে তারা। আর ক্লাবটিকে শ্রদ্ধা জানাতেই এই ম্যাচের আয়োজন।

বার্সার এই মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ১৩ আগস্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে, স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে। সেই ম্যাচে নেইমার থাকবেন তো! সূত্র: এএফপি।