কাতার বিশ্বকাপ: বিপদে যেসব ‘রাঘব বোয়াল’

বিশ্বকাপ বাছাইপর্বে বেকায়দায় আছে স্পেনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো অনেক পথ বাকি—কথাটা যেমন সত্য, তেমনি এ কথাও সত্য, বিপদে আছে কিছু বড় দল। ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা যাবে তো! এই সন্দেহ এখনই ঘিরে ধরেছে কয়েকটি বড় দলকে। প্রায় প্রতিটি বিশ্বকাপের মূল পর্ব থেকেই দু–একটি বড় দলের বাদ পড়াটা নতুন কিছু না। ২০১৮ বিশ্বকাপে যেমন খেলার সুযোগ পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। এই বিশ্বকাপেও বড় দলগুলোর কোনো একটির ক্ষেত্রে তেমন সম্ভাবনা ফেলে দেওয়া যাচ্ছে না। আসুন জেনে নেই, বিপদে আছে কোন কোন দল:

স্পেন

বিশ্বকাপ বাছাইপর্বে বরাবরই দুর্দান্ত স্পেন। সর্বশেষ ম্যাচে সুইডেনের কাছে হারের আগে বাছাইপর্বে টানা ২৮ বছর অপরাজিত ছিল ‘লা রোহা’রা। গত সপ্তাহের হারে সে রেকর্ড হাতছাড়া হলো। কিন্তু স্পেন কোচ লুইস এনরিকের জন্য শুধু এটাই একমাত্র চিন্তার রসদ নয়। লুইস আরাগোনাস কিংবা ভিসেন্তে দেল বস্কের স্পেনের মতো খেলতে পারছে না এনরিকের স্পেন। গোল করায় ধারাবাহিক এমন স্ট্রাইকার হন্যে হয়ে খুঁজছে স্প্যানিশ ফুটবল। আলভারো মোরাতাকে নিয়ে আশা করেছিল স্পেন। কিন্তু গত ইউরোর আগ থেকেই সমালোচনার শিকার হচ্ছেন মোরাতা, এখনো ধারাবাহিক হতে পারেননি।

স্পেনের স্ট্রাইকাররা গোল করতে পাচ্ছেন না
ছবি: টুইটার

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে দুইয়ে আছে স্পেন। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইডেন। এই গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে স্পেনকে সবার আগে গ্রুপে নিজেদের বাকি ৪ ম্যাচ জিততে হবে। এর পাশাপাশি আশায় থাকতে হবে সুইডেন যেন শীর্ষস্থান থেকে ছিটকে পড়ে। গ্রুপে রানার্সআপ হলেও সুযোগ থাকবে স্পেনের। সে ক্ষেত্রে প্লে–অফ পরীক্ষা দিতে হবে। বাকি চার ম্যাচে স্পেনকে খেলতে হবে জর্জিয়া, কসোভো, গ্রিস ও সুইডেনের বিপক্ষে।

হামেসের মতো খেলোয়াড়ের অভাব টের পাচ্ছে কলম্বিয়া
ছবি: টুইটার

কলম্বিয়া

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৮টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এর মধ্যে ৭টি করে ম্যাচ খেলা হয়ে গেছে। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে কলম্বিয়া। পয়েন্ট টেবিলে শীর্ষ চার দল সরাসরি খেলবে বিশ্বকাপের মূলপর্বে। পঞ্চম দলটিকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে–অফ। কলম্বিয়ার হাতে এখনো ১১ ম্যাচ থাকলেও ড্রেসিংরুমে সময়টা ভালো যাচ্ছে না লুইস দিয়াজ–মিগুয়েল বোর্হাদের। হামেস রদ্রিগেজ ও জাতীয় দল নিয়ে বিতর্ক চলছে বেশ আগে থেকেই। সরাসরি খেলার সুযোগ পেতে এসব বিতর্ক কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে কলম্বিয়াকে। বাজে পারফরম্যান্স ও বিতর্ক মিলিয়ে এর আগে টানা তিনটি বিশ্বকাপের মূলপর্বে (২০০২, ২০০৬ ও ২০১০) খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি কার্লোস ভালদেরামা–ফাউস্তেন আসপ্রিয়াদের দেশ।

আবারও বিশ্বকাপ থেকে বাদ পড়বে নেদারল্যান্ডস?
ছবি: রয়টার্স

নেদারল্যান্ডস

স্পেনের মতো নেদারল্যান্ডসেরও ‘জি’ গ্রুপ থেকে ৪ ম্যাচে সংগ্রহ ৭ পয়েন্ট। তাদের সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তুরস্ক। গ্রুপের শীর্ষস্থান নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলতে বাকি ৬ ম্যাচে (মোট ৬ দলের গ্রুপ) বেশ কঠিন পরীক্ষা দিতে হবে ডাচদের। এই গ্রুপে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দল মন্টেনিগ্রো এবং নরওয়ের সংগ্রহও সমান ৭ পয়েন্ট। অর্থাৎ ডাচদের এখন কোনোভাবেই পা হড়কানোর সুযোগ নেই। তাহলে পেছনের দলগুলো সুযোগ পেয়ে যাবে। বাকি ৬ ম্যাচে ডাচদের প্রতিপক্ষ মন্টেনিগ্রো, তুরস্ক, লাটভিয়া, জিব্রাল্টার ও নরওয়ে। গ্রুপ পর্বে এখনো মন্টেনিগ্রোর মুখোমুখি হয়নি নেদারল্যান্ডস। এমনিতেই ২০১৮ বিশ্বকাপে বাদ পড়ার ক্ষত এখনো শুকোয়নি দলটির।

বাদ পড়ে যেতে পারে চিলিও
ছবি: টুইটার

চিলি

দক্ষিণ আমেরিকান ফুটবলে চিলি বেশ সমীহজাগানিয়া নাম। একাধিকবার কোপা আমেরিকা জিতেছে দেশটি। কিন্তু এবার বাছাইপর্বে সমস্যার মধ্যে রয়েছে মার্টিন লাসার্তের দল। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে চিলি। গ্রুপের শীর্ষ চার দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পঞ্চম দলটিকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে–অফ। চার ও পাঁচে থাকা উরুগুয়ে এবং কলম্বিয়ার সঙ্গে ৩ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে চিলি। এমনিতে মনে হতে পারে, চিলির হয়তো সম্ভাবনা নেই মূলপর্বে খেলার। তবে হাতে এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর।