কাতার বিশ্বকাপে তাপানুকূল স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড উষ্ণতায় বিশ্বকাপে কীভাবে খেলবে দলগুলো? ২০২২ আসরের স্বাগতিক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকেই এ প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। উত্তর খুঁজতে দেশটি এবার সাহায্য নিচ্ছে থ্রিডি প্রিন্টারের!
স্বাগতিক হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে এরই মধ্যে অনেক উদ্যোগ নিয়েছে কাতার। পাঁচটি নতুন স্টেডিয়াম বানাচ্ছে তারা, যেগুলো হবে সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত। দাবদাহ থেকে রক্ষা করতে বিশ্বকাপ জুন-জুলাই থেকে সরিয়ে নভেম্বরে নেওয়া হয়েছে। কিন্তু শীতের মৌসুমেই কাতারজুড়ে ধূলিঝড় হয়। এ ঝড় থেকে বাঁচার উপায় খুঁজতে কাতার বিশ্ববিদ্যালয়ের থ্রিডি প্রিন্টারের শরণ।
থ্রিডি প্রিন্টারে প্রস্তাবিত স্টেডিয়ামের প্রতিরূপ সৃষ্টি করছে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ। সেটি একটি টানেলের মধ্যে রেখে কৃত্রিম উপায়ে ধূলিঝড় সৃষ্টি করে স্টেডিয়ামগুলোর অবস্থা দেখা হচ্ছে। প্রভাষক সৌদ গনি জানিয়েছেন, ‘আমরা বায়ুগতিবিদ্যা নিয়ে কাজ করছি। দেখছি স্টেডিয়ামের আকার কীভাবে ধুলা, বায়ু ও উষ্ণতার ওপর প্রভাব ফেলছে। আমরা স্টেডিয়ামের বিভিন্ন অংশ প্রিন্ট করে জোড়া লাগাচ্ছি, তারপর সেটি টানেলে বসাচ্ছি। এরই মাঝে আমরা আল বায়েত ও আল ওয়াকরাহ স্টেডিয়ামের পরীক্ষা করে ফেলেছি।’
পরীক্ষা করে দেখা হচ্ছে, স্টেডিয়ামের আকার পরিবর্তন করে ঝড়ের গতি পাল্টে স্টেডিয়ামের ভেতরে শীতল রাখা যায়। গনি জানালেন, ‘আমাদের উদ্দেশ্য হলো গরম বাতাসকে বাইরে রাখা। স্টেডিয়ামের একেক প্রান্তের উচ্চতা ২-১ মিটার কমিয়ে বাড়িয়েই সেটা করা সম্ভব।’ রয়টার্স।