ভোটযুদ্ধে জিতেই বিশ্বকাপ আয়োজনের অধিকার পেয়েছে কাতার। গরমের অজুহাতে সেই অধিকার কেড়ে নেওয়ার দাবি যতবারই উঠেছে, প্রতিবারই পাল্টা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না। ফিফা নির্বাহী কমিটির সদস্য থিও সোয়ানসিগারের মন্তব্যের জবাবে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির যোগাযোগ পরিচালক নাসের আল খাতের স্পষ্ট জানিয়ে দিলেন, কোনোভাবেই ভেন্যু পরিবর্তন হবে না। ২০২২ বিশ্বকাপ হবে কাতারেই। বিশ্বকাপটা গ্রীষ্মকালে হবে নাকি শীতকালে, আলোচনার বিষয় কেবল সেটাই।
চার বছর আগে ২০২২ বিশ্বকাপ আয়োজক হিসেবে কাতারের নাম চূড়ান্ত হওয়ার পর থেকেই এ নিয়ে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপটা গ্রীষ্মকাল থেকে শীতকালে করা যায় কি না, গত কিছুদিন অবশ্য এটা নিয়েই আলোচনা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে গত পরশু ফিফার নির্বাহী কমিটির সদস্য ও জার্মান ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান সোয়ানসিগার জার্মানিরই বিল্ড পত্রিকায় বলে বসেন, ‘আমি মনে করি, শেষ পর্যন্ত কাতারে ২০২২ বিশ্বকাপ হবে না।’
তাঁর এ মন্তব্যের পরই নাসের আল খাতের বলেছেন, ‘ফিফা নির্বাহী কমিটির সদস্য ড. সোয়ানসিগার যা-ই বলুন, কাতারই হবে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক। তিনি যা বলেছেন, তাতে তাঁর মতামতই প্রতিফলিত হয়েছে। এটা ফিফার অভিমত নয়। একমাত্র প্রশ্ন হলো, বিশ্বকাপটা কখন হবে। গ্রীষ্ম বা শীতকাল যখনই হোক, আমরা তৈরি থাকব।’
জার্মানির ডিয়া ভেল্ট পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির মহাসচিব হাসান আল থাওয়াদিও বলেছেন, ‘অবশ্যই ২০২২ বিশ্বকাপ হবে কাতারে। এ ব্যাপারে আমি মোটেই উদ্বিগ্ন নই। প্রথমত, বিশ্বকাপ হারানোর কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত এটাই হবে মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ।’
গ্রীষ্মকালে কাতারে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গরমের কথা ভেবে কাতারও প্রস্তুতি নিচ্ছে সেভাবেই। স্টেডিয়াম, অনুশীলন সেন্টার এমনকি সমর্থক জোনেও থাকবে শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সময় দোহায় উন্মুক্ত সমর্থক জোনেই যেমন পরিবেশ শীতল রাখার প্রযুক্তি ব্যবহার করে তাপমাত্রা রাখা হয়েছিল আরামদায়ক ২২ ডিগ্রিতে। সেই উদাহরণ টেনে নাসের আল খাতের বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি যে, গ্রীষ্মকালে কাতারে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব।’ এএফপি, রয়টার্স।