কাদামাঠে গোলের 'অন্তর্ঘাত'!
কয়েক দিন ধরেই আরামবাগের গোলরক্ষক আক্কাস শেখের মনটা খারাপ। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে কোচ মারুফুল হক দলে নিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি মাগুরার যুবক। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে আরামবাগ, গোল খেয়েছে ১১টি।।
গোলবারের নিচে অনেকটাই অসহায় লাগছে আক্কাসকে। হারের জন্য হয়তো একজন ফুটবলারকে এককভাবে কাঠগড়ায় তোলা যায় না। তবে গত সোমবারের হারটা কিছুতেই মানতে পারছেন না আক্কাস। শেখ জামালের সঙ্গে এগিয়ে থাকা ম্যাচে প্রথমে আত্মঘাতী গোল খায় আরামবাগ। হাতের নিচ দিয়ে বেরিয়ে যাওয়া প্রথম গোলটির দায় তিনি এড়াতে পারেন না কিছুতেই। আরামবাগের জালে ঢোকা দ্বিতীয় গোলটিও আত্মঘাতী। লাফিয়ে উঠে ফিস্ট করার চেষ্টা করলে এই গোলটিও হয়তো রুখতে পারতেন আক্কাস। পরে তো ম্যাচটাই হেরে গেছে আরামবাগ।
এবারের প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ড পর্যন্ত ম্যাচ হয়েছে ৩০টি। ৬৭ গোলের মধ্যে আত্মঘাতী গোলের সংখ্যা ৬। গড়ে প্রায় ১১টি গোলের একটি আত্মঘাতী। অন্যান্য মৌসুমের তুলনায় যা এখন পর্যন্ত বেশি।
কেন এবার এত আত্মঘাতী গোল? পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটুর চোখে অনুপযুক্ত মাঠ এর অন্যতম কারণ, ‘মাঠের অবস্থা এবার খুবই খারাপ। এই মাঠে যেকোনো সময় ফুটবলারদের এমন ভুল হতে পারে। দেখা যায় একজন ফুটবলারের হেড করার উদ্দেশ্য ছিল সামনের দিকে, পা পিছলে বা ভেজা বলের কারণে হয়তো সেটি আত্মঘাতী গোলে রূপ নিচ্ছে। অনেক সময় ফুটবলাররা কাদামাঠে ভারসাম্যও রাখতে পারে না।’ তবে শুধু কাদামাখা মাঠই নয়, ফুটবলারদের অনভিজ্ঞতারও দায় দেখেন আরামবাগের কোচ মারুফুল হক, ‘অভিজ্ঞতার অভাবেই এত বেশি আত্মঘাতী গোল হচ্ছে।’ তাঁর হাতে টাটকা উদাহরণ শেখ জামালের কাছে হারা ম্যাচটি। ওই ম্যাচে আরামবাগ ডিফেন্ডার জালাল গোল বাঁচাতে গিয়ে গোলরক্ষক আক্কাসকে ব্যাক পাস দিয়েছিলেন। কিন্তু বলটি ধরলে ইনডাইরেক্ট ফ্রি-কিক হবে কি না সেই দ্বিধায় ছিলেন আক্কাস। মারুফ এমন সিদ্ধান্তহীনতাকে আত্মঘাতী গোলের অন্যতম কারণ হিসেবে দেখছেন, ‘ওই সব মুহূর্তে কী করা উচিত, এই জ্ঞানটা ওদের নেই।’ আক্কাসও মেনে নিয়েছেন নিজের অনভিজ্ঞতার বিষয়টা, ‘বলটা ওই সময় পায়ে রিসিভ করব নাকি হাত দিয়ে ধরব, তা নিয়ে সংশয়ে ছিলাম। তা ছাড়া কাদামাঠে আমার সামনের জায়গাটা অনেক পিচ্ছিল ছিল। সামনে পড়ে বল একটু বাঁক নিয়ে আমার হাত ফসকে বেরিয়ে যায়।’ এভাবে গোল খেয়ে ওই রাতটা প্রায় বিনিদ্রই কাটিয়েছেন আক্কাস, ‘ক্যারিয়ারে এভাবে কখনো গোল খাইনি। ওই রাতে আমি ভালোভাবে ঘুমোতে পারিনি।’
আন্তর্জাতিক ফুটবলেও আত্মঘাতী গোল হয় প্রচুর। শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক সেদিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, ‘বিশ্বের অনেক বড় বড় ফুটবলার আত্মঘাতী গোল করে। তবে শেখ জামালের বিপক্ষে আরামবাগের গোলকিপারের ওই গোলটিকে ফানি গোলই বলব। ফুটবলে এমনটি হতেই পারে।’ তবে এত বেশি আত্মঘাতী গোলের জন্য সবকিছুর ওপর মাঠই মানিকের কাঠগড়ায়, ‘কাদামাঠে চাপের মধ্যে থাকলে ডিফেন্ডার, গোলকিপারদের এমন ভুল খুব স্বাভাবিক। মাঠের দৈন্যদশার কারণেই ফুটবলাররা এই ভুল করছে।’