কাদামাঠে নায়ক সবুজ-আবসার
দুপুরের ভারী বর্ষণে মাঠে খেলা গড়াবে কি না, এটা নিয়েই ছিল সংশয়। শেষ পর্যন্ত দুটি ম্যাচই আধা ঘণ্টা করে পিছিয়ে দিয়ে দুটি ম্যাচই আয়োজন করেছে লিগ কমিটি। কিন্তু টানা দুটি ম্যাচের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামকে মনে হচ্ছিল চষা ধানখেত। এমন কাদামাঠে ভালো খেলা দূরে থাক, খেলাই তো সম্ভব নয়। শেখ জামালের কোচ যোসেফ আপুসি ম্যাচের পর এটি বলেও দিয়েছেন। অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। দুটি ম্যাচেই দেশের ফরোয়ার্ডরাই হাসি ফুটিয়েছেন দলের। মোহামেডানের বিপক্ষে একমাত্র গোলটি করেন চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ। বিজেএমসির বিপক্ষে শেখ জামাল জিতেছে আরেক উদীয়মান খেলোয়াড় নুরুল আবসারের গোলে। টানা দুই ম্যাচ গোল পেলেন এই দুই স্ট্রাইকার।
কাদামাঠে ৬৮ মিনিট পর্যন্ত অপেক্ষায় থেকে গোল পেয়েছে চট্টগ্রাম আবাহনী। কর্নার থেকে উড়ে আসা বল বক্সের মধ্যে পেয়েই আলতো টোকায় গোল করেন তৌহিদুল। বাদানুবাদে জড়িয়ে ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর জাহিদ হোসেন ও মোহামেডানের ফয়সাল মাহমুদ। এতে ম্যাচের স্কোরলাইনে কোনো বদল ঘটেনি। ব্যক্তিগত পুরস্কার নিতে মোহামেডান কোচ সৈয়দ নঈমুদ্দিন চলে গেছেন ভারতে। লিগের দ্বিতীয় হারটি তাই মাঠে দাঁড়িয়ে দেখতে হয়নি এই ভারতীয় কোচকে।
জামালকে জেতালেন আবসার: খেলার পর কাদামাখা হাতেই চলল হাইফাইভ। জয়ের আনন্দে বোতল থেকে পানি ছিটিয়েও উদ্যাপন করলেন অনেকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্বল বিজেএমসিকে কাল ১-০ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শিরোপাপ্রত্যাশী শেখ জামাল।
৫৪ মিনিটে শেখ জামালকে আনন্দে ভাসিয়েছেন নুরুল আবসার। বক্সের বাইরে থেকে আলী হোসেনের ক্রস, চলন্ত বলেই বাঁ পায়ে দুর্দান্ত ফিনিশিং নুরুলের। গোলরক্ষক সোহাগের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে যায় জালে। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পেয়েও অবশ্য কাজে লাগাতে পারেনি শেখ জামাল।