কাদের কাছে হারল সেল্টিক?

লিঙ্কন রেড ইম্পস দলটির কেউ পুলিশ কর্মকর্তা, কেউ চাকরি করেন দমকল বাহিনীতে। ট্যাক্সিচালক, শুল্ক কর্মকর্তা, মোমবাতি প্রস্তুতকারী, বেকারির কর্মচারী, এমনকি কসাইও আছেন এই দলে। জিব্রাল্টারের এই আধা পেশাদার দলটিই গড়েছে ইতিহাস। পরশু নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে তারা ১-০ গোলে হারিয়েছে স্কটিশ পরাশক্তি সেল্টিককে!
৪৭ বার স্কটিশ লিগ জেতা সেল্টিকের ঘরোয়া ফুটবলে যেমন ভীষণ দাপট, জিব্রাল্টার ঘরোয়া ফুটবলে লিঙ্কন রেডেরও প্রায় তেমনই। ২০০১ সাল থেকে জিতেছে টানা ১৪টি লিগ। চ্যাম্পিয়নস লিগ বাছাইয়ের প্রথম রাউন্ডে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যান্ডোরার দল সান্টা কোলোমাকে। সেটি বলার মতো কিছু না হলেও সেল্টিকের মতো ঐতিহ্যবাহী দলকে হারানোটা তাদের জন্য তো রীতিমতো রূপকথা! ৪৮ মিনিটে জয়সূচক গোলটি করা লিও কাসারা পেশায় একজন পুলিশ কর্মকর্তা। ইতিহাস গড়ে তাঁর যেন ঘোরই কাটতে চাচ্ছে না, ‘সেল্টিকের মতো বড় দলকে হারানোর স্বপ্ন সবাই দেখে। আজ আমরা সেটা করেছি। জয়সূচক গোল করাটা সারা জীবন গল্প করার মতোই বিষয়।’
তিন বছরের লিভারপুল-অধ্যায় শেষ করে ব্রেন্ডন রজার্স গত মে মাসে দায়িত্ব নিয়েছেন সেল্টিকের। মৌসুম শুরুর আগে চারটি প্রস্তুতি ম্যাচে অপরাজিত দলটার লক্ষ্য দুই মৌসুম পর আবারও চ্যাম্পিয়নস লিগে ফেরা। কিন্তু লিঙ্কন রেড ইম্পসের সামনে শুরুতেই হোঁচট খেতে হলো। তবে অখ্যাত এক দলের কাছে হেরে মোটেও বিব্রত নন রজার্স, ‘এতে অপমানের কিছু নেই। কঠিন কন্ডিশনে কঠিন ম্যাচ হয়েছে। আমরা আমাদের সুযোগ কাজে লাগাতে পারিনি, ওরা পেরেছে।’
ইংলিশ সংবাদমাধ্যম অবশ্য হারের এমন সহজ ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ১৯৬৬-৬৭ মৌসুমে ইউরোপিয়ান কাপজয়ী (এখনকার চ্যাম্পিয়নস লিগ) দলের এমন হারে ব্যঙ্গ-বিদ্রূপ আর তির্যক শিরোনামই ছাপা হয়েছে পত্রপত্রিকায়। ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘দুর্দান্ত রজার্স! সেল্টিক হারল কসাই, রুটিওয়ালা, মোমবাতি প্রস্তুতকারীদের কাছে!’ এএফপি, মেইল অনলাইন।