কাদের সঙ্গে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
>

১ সেপ্টেম্বর তাজিকিস্তান যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির জন্য সেখানে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।
১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে ১০ দিন আগে দুশানবে যাবে বাংলাদেশ। স্থানীয় প্রিমিয়ার লিগের দুইটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে জামাল ভূঁইয়ারা।
দল দুইটির নাম এফসি কুকটোস ও সিএসকে পামির দুশানবে। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হওয়ার কথা ৩ ও ৫ সেপ্টেম্বর। ৩ সেপ্টেম্বরের ম্যাচটি তাজিক লিগের তৃতীয় দল কুকটোসের বিপক্ষে। পরের ম্যাচটি টেবিলের ষষ্ঠ স্থানে থাকা পামিরের বিপক্ষে। বাংলাদেশ তাজিকিস্তান যাবে ১ সেপ্টেম্বর। এর আগে অবশ্য একটি কাজ করতে হবে জাতীয় দলের কোচ জেমি ডেকে। ২৬ সদস্যের দলকে কমিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত দল করতে হবে। কারা বাদ পড়তে যাচ্ছেন, সে ঘোষণা হবে আগামীকাল।
বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ওমান, ভারত, কাতার ও আফগানিস্তান। অ্যাওয়ে ম্যাচ হলেও আফগানিস্তানের পরিস্থিতি বিবেচনা করে দুই দল খেলবে নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের দুশানবেতে। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের রেকর্ড খুবই খারাপ। ৮ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। বাকি ৭ ম্যাচে হার এবং সব মিলিয়ে ৩২ গোল হজম করে তারা।