কান্নায় মাঠ ছাড়লেন রোনালদো

এক যুগ আগের স্মৃতিই কি ফিরিয়ে আনলেন ক্রিস্টিয়ানো রোনালদো? নিজেদের দেশে ইউরো আয়োজন করেও পুঁচকে গ্রিসের কাছে ফাইনালে হেরে গিয়েছিল পর্তুগাল। সেদিন কান্নায় ভেঙে পড়া ১৯ বছরের রোনালদোর মাঠ ছাড়ার দৃশ্যটি এখনো চোখে ভাসে অনেকের। সেই স্মৃতি ফিরিয়ে স্তাদে দো ফ্রান্সে আজকের ফাইনালেও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন রোনালদো।
ম্যাচের ১৬ মিনিটেই প্রথম ধাক্কাটি এল। দিমিত্রি পায়েতের জোরালো এক ধাক্কায় মাঠে শুয়ে পড়েন রোনালদো। ১৮ মিনিটে যন্ত্রণায় আক্রান্ত রোনালদো প্রথমে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন। শুশ্রূষা শেষে ২০ মিনিটে ফিরেছিলেন, কিন্তু মুখ-চোখ দেখে মনে হয়নি খুব বেশিক্ষণ থাকতে পারবেন। ২৪ মিনিটে দলের এক আক্রমণে দৌড়াতে গিয়েই টের পান, সম্ভব নয়। দেশের হয়ে শিরোপা জেতা অন্তত মাঠ থেকে দেখতে পারছেন না তিনি। স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়লেন রোনালদো।
২৫ মিনিটে তাঁর পরিবর্তে মাঠে নেমেছেন রিকার্ডো কারেসমা।