কান্নায় শেষ গার্দিওলার

ডগলাস কস্তার পেনাল্টি জালে জড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ল বায়ার্ন মিউনিখ। কিন্তু পেপ গার্দিওলা কোথায় তখন? টিভি ক্যামেরায় ধরা পড়ল, বায়ার্ন কোচ দুই হাতে মুখ ঢেকে রেখেছেন! এই ম্যাচ দিয়েই তিন বছরের বায়ার্ন যুগ শেষ হয়ে গেল। গার্দিওলা তাই নিজের আবেগটা আর ধরে রাখতে পারলেন না।
একটু আবেগাপ্লুত অবশ্য হতেই পারেন গার্দিওলা। তিন বছর তো কম সময় নয়। এক চ্যাম্পিয়নস লিগ ছাড়া বায়ার্নের হয়ে তো সম্ভাব্য সবকিছুই জিতেছেন। কাল জার্মান কাপের ফাইনালটা তারপরও গার্দিওলার কাছে একটু আলাদাই ছিল। আনুষ্ঠানিকভাবে সেটিই যে তাঁর শেষ ম্যাচ। শেষটাও এর চেয়ে রোমাঞ্চভরা আর হতে পারত না। ডর্টমুন্ডের সঙ্গে নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা পেল না। গোল এল না অতিরিক্ত সময়েও। টাইব্রেকারে কি গত বছরের স্মৃতিটা মনে পড়ছিল গার্দিওলার? গতবারের সেমিফাইনালে এই ডর্টমুন্ডের সঙ্গেই টাইব্রেকারে একটা গোলও করতে পারেনি বায়ার্ন। কাল সেটি হলো না, ৪-৩ গোলে জিতেই বায়ার্ন উৎসব করতে পারল।
ম্যাচ শেষে গার্দিওলার কথায় সেই আবেগেই অনুরণন, ‘অসাধারণ তিনটা বছর কাটিয়েছি। এখানকার খেলোয়াড়দের কথা খুব করেই মনে পড়বে আমার। দারুণ সব অভিজ্ঞতা হয়েছে আমার। অনেক উপভোগও করেছি।’
বায়ার্নের মতোই লিগ জয়ের পর কাপ জয়ের ‘ডাবল’ আনন্দ পেয়েছে। জুভেন্টাসের অর্জন এক দিয়ে ঐতিহাসিক, এই প্রথম ইতালিতে পরপর দুই বছর কোনো দল লিগ ও কাপের ডাবল জিততে পারল। এসি মিলানের সঙ্গে কালকের ১-০ গোলের জয়টা এসেছে আলভারো মোরাতার সৌজন্যে। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন মোরাতা। ম্যাচের ভাগ্যও ঠিক হয়ে গেছে ওই গোলেই।