কাপ জিতবেন জানতেন ইব্রাহিমোভিচ!

এখন তাহলে আসল ‘স্পেশাল ওয়ান’ কাকে বলা হবে? হোসে মরিনহো না ইব্রাহিমোভিচকে? সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে পরশু ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ লিগ কাপ জেতার পর ইব্রাকে জিজ্ঞেস করা হয়েছিল, এই ট্রফিটা দিয়েই ক্লাবের ‘স্পেশাল’ কিছুর শুরু হলো কি না। সুইডিশ স্ট্রাইকার হেসে জবাব দিয়েছেন, ‘আমি এই ক্লাবে এসেছি, এটাই তো স্পেশাল!’
এটা না করে যদি ইব্রা সরাসরিই বলতেন, আমিই আসল ‘স্পেশাল ওয়ান’, তাহলেও হয়তো পরশু রাতে স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনহো আপত্তি করতেন না। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সাউদাম্পটনকে হারিয়ে ইউনাইটেড যে ট্রফি জিতল, সেটা তো ইব্রার জাদুতেই। ২-২ সমতায় থাকা ম্যাচের ৮৭ মিনিটে হেড থেকে ইব্রা ওই গোলটা না করলে ইউনাইটেড এ ম্যাচটা জিতত কি না সন্দেহ। এর আগে ১৯ মিনিটে ইউনাইটেডের প্রথম গোলটাও ইব্রারই ছিল।
যদিও নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে সাউদাম্পটন। রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে তারা, কখনো লাইন থেকে ফিরেছে বল, কখনো পোস্টে লেগে। ম্যাচের ১১ মিনিটেই মানলো গাবিয়াডিনির একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়। অথচ রিপ্লেতে দেখা গেছে, গাবিয়াডিনি পরিষ্কার অনসাইডে ছিলেন, অফসাইডে ছিলেন রায়ান বার্ট্রান্ড।
এমনকি মরিনহোও ম্যাচ শেষে বলেছেন, ‘ম্যাচের একটা দীর্ঘ সময় প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। ওদের এভাবে হারার কথা না, অন্তত ৯০ মিনিটে। ম্যাচটা অতিরিক্ত সময়ে যেতেই পারত। কিন্তু ইব্রাই ব্যবধান গড়ে দিল, সে-ই আমাদের কাপ জিতিয়েছে।’
ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবারের মতো ইংলিশ লিগ কাপ জিতলেন মরিনহো। ছুঁয়ে ফেলেছেন চারটি করে লিগ কাপ জেতা স্যার অ্যালেক্স ফার্গুসন ও ব্রায়ান ক্লফকে। ইউনাইটেডের দায়িত্ব নিয়ে এই প্রথম কোনো কোচ প্রথম মৌসুমেই বড় কোনো ট্রফি জিতলেন। তবে নিজের এসব অর্জন ছাপিয়ে মরিনহো উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইব্রার, ‘আমি আগেও ওর কোচ ছিলাম (ইন্টার মিলানে)। আমি ওর সামর্থ্য জানি। ৩৫ বছর বয়সে যখন কেউ ইংলিশ প্রিমিয়ার লিগের মতো কঠিন টুর্নামেন্টে, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলার চ্যালেঞ্জ নেয়, বুঝতে হবে সে কতটা আত্মবিশ্বাসী।’
উচ্ছ্বসিত ইব্রা নিজেও। ক্যারিয়ারের সায়াহ্নে এসে এভাবে দলকে ট্রফি জেতাতে পারছেন বলেই আনন্দটা যেন আরও বেশি, ‘এটা আমার ক্যারিয়ারের ৩২তম শিরোপা। আমি এ জন্যই এখানে এসেছি। আপনার বয়স যত বাড়বে, ট্রফি জেতার আনন্দ তত বেশি হবে।’ একহাত নিয়েছেন তাঁর সমালোচকদেরও, ‘আমি এটাই অনুমান করেছিলাম (ইউনাইটেডের হয়ে ট্রফি জয়)। আমি যা ভেবেছিলাম, তা-ই হচ্ছে। অনেকেই এটা বুঝতে পারেনি। কিন্তু অনেকে যেটা ভাবতেও পারে না, সেটা যে আমি করতে পারি, তা দেখাতেই আমি এখানে এসেছি।’
এ মৌসুমের শুরুতে ইউনাইটেডে যোগ দিয়ে ৩৮ ম্যাচে ২৬ গোল ইব্রার। ফ্রি ট্রান্সফারে ওল্ড ট্রাফোর্ডে আসা ইব্রার চুক্তিটা শেষ হয়ে যাবে মৌসুম শেষেই। তবে এমন ফর্মে থাকলে, ইব্রাকে আরও একটা মৌসুম রেখে দেওয়ার কথা ভাবতেই পারেন মরিনহো। সেটা কি করবেন পর্তুগিজ কোচ? মরিনহো জবাবটা দিলেন মজা করে, ‘আমি তো কখনো কোনো খেলোয়াড়কে চুক্তি সই করার জন্য অনুরোধ করি না। আমার অধীনে খেলার জন্য কারও হাতে-পায়ে ধরি না। তবে ইউনাইটেড সমর্থকেরা যদি চায় ইব্রার বাড়ির দরজার গিয়ে সারা রাত বসে থাকতে পারে। আমরা সবাই-ই তো আশা করছি, সে আমাদের সঙ্গে আরও একটা মৌসুম থাকবে।’ এএফপি, রয়টার্স, গোলডটকম।