কাপ ফাইনালের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ শেষ। ইউরোপের ক্লাব মৌসুমের পর্দা নামার অপেক্ষা। একে একে শেষ হচ্ছে বিভিন্ন দেশের ফুটবল মৌসুম। ইংল্যান্ড, ইতালি, জার্মানি ও ফ্রান্স যেমন আজ কাপ প্রতিযোগিতা দিয়ে শেষ টানছে ঘরোয়া মৌসুমের। প্রতিটিতেই আছে ভিন্ন হিসাব-নিকাশে অভিন্ন ফুটবল রোমাঞ্চ—
এফএ কাপ
ইউনাইটেড–প্যালেস
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ-আউটে এটিই তাঁর শেষ ম্যাচ হয়ে থাকতে পারে। লুই ফন গাল আজ খুব করেই ক্রিস্টাল প্যালেসের সঙ্গে এফএ কাপ ফাইনালটি জিততে চান। ইউনাইটেডে দুই বছরে এটিই হবে তাঁর প্রথম ট্রফি। তার চেয়েও বড় কথা, এটি হবে অ্যালেক্স ফার্গুসন-উত্তর ইউনাইটেডেরও প্রথম শিরোপা।
ওয়েম্বলিতে ফন গালের প্রেরণা হতে পারে ১৯৯০ এফএ কাপ ফাইনাল। ২৬ বছর আগের সেই ম্যাচেও ইউনাইটেডের ডাগ-আউটে দাঁড়ানো কোচেরও এমন চাকরি ‘যায় যায়’ অবস্থা ছিল। এই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ফাইনালে জিতেই সে দফা বেঁচে গিয়েছিলেন কোচ। পরে লিখেছেন ইতিহাস। কোচের নাম? অ্যালেক্স ফার্গুসন।
সেই ফাইনালের সঙ্গে এই ফাইনালের আরেকটি যোগ, ওই ম্যাচে পরাজিত দলে ছিলেন এখনকার ক্রিস্টাল প্যালেস কোচ অ্যালান পারডিউ। তাঁরও আজ বদলা নেওয়ার সুযোগ।

ডিএফবি পোকাল
বায়ার্ন-ডর্টমুন্ড
লিগ জিতেছেন। বিদায়ের আগে কাপ জিতে ‘জার্মান ডাবলে’র আনন্দসঙ্গী হবে পেপ গার্দিওলার?
বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে আজ ফাইনালের আগে বায়ার্ন মিউনিখ দলেও গার্দিওলাকে ‘বিদায়ী উপহার’ দেওয়ার আকুতি। ডিফেন্ডার ডেভিড আলাবা তো গার্দিওলাকে বায়ার্নে সপ্তম ট্রফিতে হাত ছোঁয়াতে দিতে দৃঢ়প্রতিজ্ঞ, ‘বাকি সব পেছনে ফেলে আমরা তাঁকে এই শিরোপাটা উপহার দেব।’ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ডর্টমুন্ডও প্রস্তুত থাকবে গার্দিওলার বিদায় উৎসবে পানি ঢেলে দিতে। সর্বশেষ দুবারই কাপের ফাইনালে উঠে হেরেছে দলটি, ‘হ্যাটট্রিক’টা আর হতে দিতে চায় না টমাস টুখেলের দল।
এই উৎসবের রাগিণীতেও একটু অস্বস্তিতে থাকবেন একজন—ম্যাটস হামেলস। আগামী মৌসুমে বায়ার্নে যোগ দিতে যাওয়া ডর্টমুন্ড ডিফেন্ডারের প্রতিটি ভুলই যে আজ পড়বে আতশি কাচের নিচে।

ইতালিয়ান কাপ
জুভেন্টাস-মিলান
ফাইনালের আগের রীতি মেনে গতকাল দুই দলই দেখা করে এসেছে পোপ ফ্রান্সিসের সঙ্গে, চেয়েছে আশীর্বাদ। তবে এ মুহূর্তে সেটি সম্ভবত এসি মিলানেরই বেশি দরকার। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সফল দলটি গত দুই মৌসুমের মতো এবারও চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপায় জায়গা করে নিতে পারেনি। এই কাপই এখন তাদের ভরসা। রোমের স্তাদিও অলিম্পিকোয় আজ জিতলে আগামী মৌসুমে সরাসরি ইউরোপায় খেলতে পারবে মিলান।
অবশ্য লিগজয়ী জুভেন্টাসও কি বসে থাকবে? টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ডাবল জয়ের অপেক্ষায় জুভরা। মিডফিল্ডার পল পগবা অবশ্য কাপের চিরায়ত নাটকীয়তার ব্যাপারে সতর্ক, ‘এটা একটা ফাইনাল, মিলান নিশ্চয়ই রোমে আমাদের ট্রফি তুলে দিতে যাচ্ছে না।’

ক্যুপ দো ফ্রান্স
পিএসজি-মার্শেই
স্তাদ দো ফ্রান্সের ফ্লাডলাইটের সবটুকু আলো সম্ভবত আজ ইব্রাহিমোভিচকে ঘিরে থাকবে। প্যারিস সেন্ট-জার্মেইয়ের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন সুইডিশ স্ট্রাইকার। স্বঘোষিত ‘কিংবদন্তি’ তিনি, ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে রেকর্ডও তাঁকে সেই স্বীকৃতি দেয়। মার্শেইয়ের সঙ্গে ফাইনালের শেষে শিরোপা জিতেই কি হবে কিংবদন্তির মতো বিদায়?
মার্শেই অবশ্যই এত ‘রোমান্টিক’ হতে চাইবে না। তাদের আছে নিজেদের চিন্তা। মৌসুমের শুরুতে কোচ মার্সেলো বিয়েলসার আচমকা বিদায়ের ধাক্কা পুরো মৌসুমেই কাটাতে পারেনি ক্লাবটি। লিগ শেষ করেছে ১৩তম হয়ে। সাদা-কালো মৌসুমের শেষটা রাঙিয়ে নিতে চায় তারাও। তার ওপর শিরোপাটায় মার্শেই খেলোয়াড়দের ছোঁয়াও পড়েনি গত ২৭ বছর।