কাপিতাওয়ের জন্য পেলের শোক

বলা হয়, কার্লোস আলবার্তোর যদি মনে হতো কোনো খেলোয়াড় তাঁর সেরাটা দিচ্ছেন না, ক্রমাগত বকাঝকা করে যেতেন। খোদ পেলের কানেও গেছে এই ‘মধুবর্ষণ’। সেই ‘কাপিতাও’ মানে ক্যাপ্টেন আলবার্তো পরলোকে চলে গেছেন গত পরশু। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা রাইটব্যাকের মৃত্যুশোকটা প্রগাঢ়ই হওয়ার কথা। পেলে ও বেকেনবাওয়ার যেমন মুহ্যমান হয়ে আছেন শোকে। ব্রাজিল ও জার্মানির দুই কিংবদন্তি শোক প্রকাশ করেছেন আলবার্তোর জন্য।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে তাঁর নাম ‘চিরদিনের ক্যাপ্টেন’। যতগুলো দলে খেলেছেন, সবখানেই ছিলেন অধিনায়ক। সতীর্থদের বকাঝকা যেমন করতেন, তেমনি অনুপ্রাণিতও করতে পারতেন। পেলে-রিভেলিনো-টোস্টাওদের নিয়ে গড়া সর্বকালের সেরা দলটিকেও তিনিই সামলেছেন। হয়তো প্রকৃতিই ঠিক করে রেখেছিল, বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সুন্দর মুহূর্তটিও নির্মিত হবে তাঁরই পায়ে। ইতালির বিপক্ষে ফাইনালে দলের চতুর্থ গোলটি করেছিলেন, যেটিকে বলা হয় বিশ্বকাপের অন্যতম সুন্দর গোল। পরে কোচ হিসেবে কাজ করেছেন অনেক দিন, ছিলেন ধারাভাষ্যকারও।
এমন কাছের একজনের চলে যাওয়া সহজে মেনে নিতে পারার কথা নয় পেলের। ব্রাজিল কিংবদন্তি শোক প্রকাশ করেছেন টুইটারে। আলবার্তোর টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে লিখেছেন, ‘আমার বন্ধু ও ভাইয়ের মৃত্যুতে আমি ভীষণ শোকাহত। প্রিয় ঈশ্বর, আমার প্রিয় “কাপিতাও”র খেয়াল রাখুন। শান্তিতে থাকো।’ পেলে ও আলবার্তোর সাবেক ক্লাব সান্তোস তাদের ‘ইতিহাসের সেরা রাইটব্যাকের’ জন্য তিন দিনের আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে।
জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার একই দলে হয়তো খেলেননি। তবে ভালো বন্ধু তো ছিলেন। ২০১৩ সালে ব্রাজিল সফরে আলবার্তোর সঙ্গে নিজের ছবি দিয়ে টুইট করেছেন বেকেনবাওয়ার, ‘হেইডি (বেকেনবাওয়ারের স্ত্রী) ও আমি গভীরভাবে শোকাহত। কার্লোস আলবার্তো আমার কাছে ভাইয়ের মতো ছিলেন। আমার অনেক ভালো বন্ধুও।’
তবে সাবেক ইংলিশ ফুটবলার রে হাডসন লিখেছেন সবচেয়ে সত্যি কথাটি, ‘কার্লোস আলবার্তো কখনো মরবে না। কিংবদন্তিরা মরে না। ওঁর বিপক্ষে খেলেছি, এতেই গর্বিত।’ সূত্র: গার্ডিয়ান।