কাপের আয়নায় সবার চোখ

প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকা আপাত শান্ত শহরটা যেন সবুজের সমারোহ। সারি সারি নারকেলগাছ মুগ্ধতা ছড়ায়। কিন্তু তা শুধুই পর্যটকদের জন্য। ফুটবলপিপাসুরা এখানে নিজেদের অচ্ছুত ভাবতে পারেন। তার ওপর এই ভরা মৌসুমে ত্রিবান্দ্রাম শহরের যেকোনো হোটেলে দুটি ইংরেজি শব্দ শুনতেই হবে, ‘নো সিট’।
স্থানীয় লোকজনের মালাইয়ান ভাষাটা পর্যটকদের জন্য দুর্বোধ্য। হিন্দি তো স্থানীয় লোকজন ঠিকঠাক বলতেই পারে না। ট্যাক্সি ড্রাইভারকে গন্তব্য বোঝাতে জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা। এক জায়গা বললে নিয়ে যান আরেক জায়গায়। তবু কেরালার রাজধানীতে পর্যটকের মেলা বসে গ্রীষ্মকালে। এটিই যে সবচেয়ে উপভোগ্য সময়।
কিন্তু এখানকার বায়ুমণ্ডলে ফুটবলের আমেজ নেই। দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ নিয়ে শহরে বিন্দুমাত্র অঙ্গসজ্জাও চোখে পড়েনি। বিশাল ও আধুনিক স্টেডিয়ামটা নিরাশ বদনে দাঁড়িয়ে। টিম হোটেলের সামনে একটা ব্যানার পর্যন্ত নেই। বাংলাদেশ হলে তো হুলুস্থুল কাণ্ড হতো। ফুটবল নামক বস্তুটার আকর্ষণ স্থানীয় লোকজনকে কতটা টানবে, তা অবশ্য আজ নবম সাফ টুর্নামেন্ট শুরুর পরই বোঝা যাবে।
আয়োজনে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলেও এই ঘাটতি কিছুটা এড়ানো যেত। কিন্তু সেই চিত্রও যে করুণ! তাও ভালো কাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলগুলোর শরীরের ভাষায় অন্তত বাড়তি কিছু খুঁজে পাওয়া গেল। কাপের আয়নায় চোখ রেখে যুদ্ধে ঝাঁপাতে তৈরি সবাই। সাফ ফুটবল অবশ্য বরাবরই তাই।
চ্যাম্পিয়ন আফগানিস্তানের হাবভাবই সবচেয়ে বেশি। শ্রেষ্ঠত্ব ধরে রাখার ব্যাপক খিদে নিয়ে এসেছে দলটি। জার্মান কোচ পিটার সিগ্রাতের কথায় সেটির প্রতিধ্বনি, ‘অবশ্যই আমরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে এসেছি।’ আগামীকাল প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ শুধু নয়, গ্রুপে মালদ্বীপ ও ভুটানকে নিয়েও তাঁর একই কথা, ‘আমরা সবাইকে সম্মান করি।’ আফগান অধিনায়ক ফয়সাল শেরেস্তার দেওয়া তথ্যটা তো সবার চোখ কপালেই তুলে দিল—দলটিতে ইউরোপভিত্তিক খেলোয়াড় আছেন ১৮ জন!
বাংলাদেশের গ্রুপের আরেক দল মালদ্বীপ, মালয়েশিয়ায় অনুশীলন ক্যাম্প করে গতকাল কেরালা এসেছে। সাবেক এই চ্যাম্পিয়নদের কোচ আবার খুব হাই প্রোফাইল। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোচ রিকি হার্বাট সম্প্রতি দায়িত্ব নিয়ে দলটাকে ‘বদলে’ দিয়েছেন। অধিনায়ক আশফাক আলী বারবার সেটিই বলছিলেন। আফগান কোচের মতো রিকিও অবশ্য সমীহ দেখাচ্ছেন গ্রুপ প্রতিপক্ষকে। বাংলাদেশ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘সম্প্রতি তারা অনেক ম্যাচ খেলেছে। আমি জানি বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ওরা অনেক উন্নতি করেছে।’
এই অঞ্চলের পরাশক্তি ভারতও মনোযোগ পাচ্ছে অনেক। তবে স্বাগতিকদের কোচ কনস্ট্যান্টাইন ঘরের মাঠে খেলবেন বলে নিজেদের একটুও বেশি ফেবারিট ভাবছেন না। আফগানিস্তান, মালদ্বীপ কোচের মতোই বরং টুর্নামেন্টটাকে যে কারও জন্য ‘উন্মুক্ত’ বললেন। তবে মাত্র এক দিন আগে ভারতীয় সুপার লিগ (আইএসএল) শেষ হওয়ায় সাফের জন্য ভারতের প্রস্তুতির ঘাটতি তাঁর কপালে ভাঁজ ফেলেছে বৈকি। অধিনায়ক সুনীল ছেত্রী অবশ্য ওটাকে বড় সমস্যা মানতে রাজি হলেন না। মজার ব্যাপার, ভারতীয় কোচ-অধিনায়ক সংবাদ সম্মেলনে নিয়ে এলেন দলের নবীন সদস্য অনূর্ধ্ব-১৯ এক খেলোয়াড়কে। সদ্য কৈশোরোত্তীর্ণ তরুণ বেশ রোমাঞ্চ নিয়েই কথা বললেন পঞ্চাশ-ষাটজন সাংবাদিকের সামনে। এ রকম অভিজ্ঞতা তাঁর এই প্রথম।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শ্রীলঙ্কা এই শহরে নোঙর ফেলেছে সপ্তাহ দুয়েক আগে। নেপাল ক্যাম্প ম্যাচ খেলার স্বাদ নিয়েছে ঢাকায়। তুলনায় বাংলাদেশের প্রস্তুতিই সবচেয়ে খারাপ। এ নিয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের দু-একজনের মধ্যে বিস্তর অতৃপ্তি। দেখা হতেই বলছেন, অন্যদের প্রস্তুতি খুব ভালো। মালদ্বীপ তো গোটা চারেক প্রস্তুতি ম্যাচ খেলে তিনটিতে জয়ের স্বাদ নিয়ে এসেছে।
বাংলাদেশ কোচ মারুফুল হক অবশ্য নিরাশ নন। দেশে যেমনটা বলেছেন, কালও ক্যারিয়ারে প্রথমবার এত বড় সংবাদ সম্মেলনে বুকটা ফুলিয়েই রাখলেন, ‘১৮ দিন যথেষ্ট সময় নয়, এটা ঠিক। তবে আমার ছেলেরা খেলার মধ্যে ছিল। কাজেই এটা কোনো সমস্যা হবে না।’
মনোবলটাই বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি। প্রস্তুতির ঘাটতির আড়ালে সেটিই অদৃশ্য সাহস জোগাচ্ছে। খেলোয়াড়দের তাড়না দেখে কর্মকর্তারা বলছেন, চেষ্টা করলে ভালো কিছু অবশ্যই হবে। সবচেয়ে গুরত্বপূর্ণ প্রথম ম্যাচটা। ওটা পার হতে পারলে সিঁড়িটা বাইতে আর দমের ঘাটতি হবে না।
বিকেলে অনুশীলনে যাওয়ার আগে গিজগিজে হোটেল লবিতে দাঁড়িয়ে মামুনুল ইসলামের কণ্ঠেও একই রকম সাহসী উচ্চারণ। তবে সমস্যাও দেখছেন অধিনায়ক। গরমটা নাকি বেশ ভোগাচ্ছে। এখানকার আবহাওয়া এখন ২৯-৩০ ডিগ্রি। এমন কিছুই নয়। এ রকম আবহাওয়ায় অভ্যস্তই থাকার কথা বাংলাদেশের খেলোয়াড়দের। চোখটা তাহলে কাপে স্থির রাখতে সমস্যা কোথায়?